২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বার্ষিক সভার ‘সফল আয়োজনের’ জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন সংস্থাটির আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 11:55 PM

Updated : 25 Apr 2022, 04:41 PM

স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতারও প্রশংসা করেছেন তিনি।

স্বাস্থ্য খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে শুক্রবার শেষ হয় এ অঞ্চলের ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং ডব্লিউএইচওর আঞ্চলিক কমিটির এই বার্ষিক সম্মিলন।

সভা শেষে রাজধানীর সোনারগাঁও হোটেলের এক সংবাদ সম্মেলনে পুনম ক্ষেত্রপাল বলেন, “এটি ছিল এখন পর্যন্ত আমাদের আঞ্চলিক কমিটির সবচেয়ে সফল সভাগুলোর একটি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ সেপ্টেম্বর এই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের পাশাপাশি আয়োজিত দুটি অনুষ্ঠানেও তিনি অংশ নেন। 

প্রধানমন্ত্রীর এই আন্তরিকতার প্রশংসা করে পুনম ক্ষেত্রপাল বলেন, “আমাদের জন্য এটি বিরাট এক সম্মান। সাধারণত আমরা কেবল উদ্বোধনী অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীদের কাছে পাই।”

এই সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুলকে দেয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।

বৃহস্পতিবার অটিজম বিষয়ক এক অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ হাসিনা।

প্রথমবারের মতো আলাদা কয়েকটি আয়োজনের কারণে অন্যান্য আঞ্চলিক সভার তুলনায় ঢাকার বার্ষিক সভাটি ভিন্ন মাত্রা পেয়েছে বলেও মন্তব্য করেন ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক। 

সাত মাস আগে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম কোনো আঞ্চলিক সভায় যোগ দিলেন ভারতীয় নাগরিক পুনম ক্ষেত্রপাল।

অটিজমকে ডব্লিউএইচওর মানচিত্রে স্থান করে দেয়ায় সংবাদ সম্মেলনেও তিনি সায়মা হোসেনের প্রশংসা করেন।

ঢাকার আঞ্চলিক সভায় প্রাকৃতিক ওষুধ, ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলের ব্যবহার কমাতে স্বাস্থ্যকর্মীদের শিক্ষা ও প্রশিক্ষণের বিষয় নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্য খাতের কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সভার প্রস্তাবেও এসব বিষয় যোগ করেন স্বাস্থ্যমন্ত্রীরা।

৯ সেপ্টেম্বর ‘ঢাকা ঘোষণা’ গ্রহণের মধ্যে দিয়ে তারা ম্যালেরিয়া, কালাজ্বর ও ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন। ২০২০ সালের মধ্যে এ অঞ্চল থেকে কালাজ্বর নির্মূলের ঘোষণা দেন তারা।

প্রথাগত ওষুধ ও হোমিওপ্যাথি চিকিৎসায় সহযোগিতার বিষয়ে ওইদিন ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ অনেক বিষয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে আছে, এই সভার সার্বিক আয়োজনে তারই প্রকাশ ঘটেছে।

বিশেষ করে স্বাস্থ্য খাত, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক এবং অটিজমের বিরুদ্ধে লড়াইয়ে মানব সম্পদ উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, এই সভা আয়োজনের মধ্যে দিয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার সুযোগ আরো বিস্তৃত হয়েছে।

“আমরা অন্য দেশগুলোর অভিজ্ঞতা জানার সুযোগ পেয়েছি। এসব অভিজ্ঞতা ব্যবহার করে আমরা নিজেদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হব।”

বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং পূর্ব তিমুরের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন।