দুর্গা পূজায় তিনদিনে ছুটি চায় হিন্দু মহাজোট
দুর্গা পূজায় একদিনের বদলে তিনদিন ছুটিসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সুবিধার বিধান থাকলেও এদেশের হিন্দু সম্প্রদায় তা থেকে বঞ্চিত।
হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখার আহ্বায়ক যিশু কৃষ্ণ রক্ষিত বলেন, “এদেশের হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। পরিবারের সবাই এ উৎসবে একত্রিত হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে।
“অথচ মাত্র একদিন সরকারি ছুটি থাকায় হিন্দু সম্প্রদায় পরিবারের সঙ্গে উৎসব পালন করতে পারে না।”
সমাবেশ থেকে বক্তারা শারদীয় দুর্গা পূজায় তিন দিন সরকারি ছুটির দাবি জানান।
এছাড়া সংসদে ৬০টি আসন ও সংখ্যালঘু বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের দাবিও তোলেন বক্তারা।
সংগঠনের উপদেষ্টা জহরলাল চক্রবর্তী বলেন, “দেশের বিভিন্ন স্থানে মঠ-মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, বাড়িঘরে হামলা, লুঠপাট ও নির্যাতন চলছে। হিন্দু নির্যাতন নিয়ে ইংল্যাণ্ড ও আমেরিকার সংসদে আলোচনা হয়। কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ নিরব থাকে।
“আর তাই হিন্দু সম্প্রদায় জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘু বিষয়ক আলাদা একটি মন্ত্রণালয় চায়।”
যিশু কৃষ্ণ রক্ষিতের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব রিপম দাশ, যুগ্ম আহ্বায়ক আশুতোষ দত্ত, অধ্যাপক রিতেন দাশ, প্রদীপ দত্ত, সুদীপ্ত বিশ্বাস প্রমুখ।
