সংসদীয় কমিটির বক্তব্য ‘দুর্নীতি’ উৎসাহিত করবে : বন্দর রক্ষা পরিষদ
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বন্দর রক্ষা পরিষদের আন্দোলন নিয়ে সংসদীয় কমিটির বক্তব্য ‘দুর্নীতি’ উৎসাহিত করবে বলে দাবি করেছেন পরিষদ নেতারা।
শুক্রবার এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বন্দর রক্ষা পরিষদ নেতৃবৃন্দ এ দাবি করেন।
তবে বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এখন দেশে নেই। গত বৃহস্পতিবার তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।
বন্দর রক্ষা পরিষদের বিবৃতিতে বলা হয়, “আন্দোলন শুরুর পর আমরা আশা করেছিলাম সংসদীয় কমিটি ‘সাইফ পাওয়ার টেকে’র বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সরেজমিন তদন্ত করবেন। কিন্তু বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম তদন্ত বা অনুসন্ধান ছাড়াই সংবাদ সম্মেলন করে সংসদীয় কমিটির পক্ষে মনগড়া মন্তব্য দেয়া হয়েছে।
“যা প্রকারান্তরে বন্দরে চলমান দুর্নীতি ও সাইফ পাওয়ারের অবৈধ কার্যক্রমকে উৎসাহিত করবে।”
সংসদীয় কমিটির সদস্যদের ‘অলীক’ অবস্থান থেকে সরে এসে বন্দরে সাইফ পাওয়ার টেকের নজিরবিহীন আর্থিক দুর্নীতি তদন্তের আহ্বান জানিয়ে প্রয়োজনীয় দালিলিক প্রমাণ সরবরাহের আশ্বাসও দেয়া হয় পরিষদের বিবৃতিতে।
ফাইল ছবি
বিবৃতি দাতাদের অন্যতম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিষদের আহ্বায়ক মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে সংসদীয় কমিটির মনগড়া বক্তব্য আমাদের মর্মাহত ও উদ্বিগ্ন করেছে। এটা উদ্দেশ্যেমূলক ও অনভিপ্রেত।
“আমরা সুস্পষ্টভাবে বলতে চাই- সংসদীয় কমিটি তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র উদঘাটন করে জাতির সামনে উপস্থাপন করুক। তদন্তে উত্থাপিত অভিযোগের সপক্ষে আসল ঘটনা বেরিয়ে আসবে।”
‘ব্যক্তিস্বার্থ উদ্ধারে’ চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ‘বন্দর রক্ষার’ আন্দোলন করছে বলে সংসদীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করেন চট্টগ্রামের সাংসদ সামশুল হক চৌধুরী।
এই অভিযোগের পর গত বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ‘জরুরি’ বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে জানায়, এনিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে।
বৈঠকের পরে সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে সংবাদ সম্মেলন করেন সদস্য মো. আব্দুল হাই। এসময় সংসদীয় কমিটির সদস্য আনোয়ারুল আজিম আনার উপস্থিত সাংবাদিকদের একটি লিখিত বক্তব্য দেন।
ওই বক্তব্যে বলা হয়, “চট্টগ্রাম বন্দরের কষ্টার্জিত সুনাম নষ্ট এবং উন্নয়ন বাধাগ্রস্ত করতে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বন্দর রক্ষার নামে আন্দোলন করছেন, যা প্রকারান্তরে দেশের ভাবমূর্তিকেও ব্যাপকভাবে ক্ষুণ্ন করছে।
“স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত ও ব্যক্তিস্বার্থ উদ্ধারে বেপরোয়া এবিএম মহিউদ্দিন চৌধুরীর এই আন্দোলন দেশ ও জাতির স্বার্থের পরিপন্থী। এধরণের ঘৃণ্য অপতৎপরতার সাথে জড়িত সকল স্বার্থান্বেষী মহলকে দ্রুত চিহ্নিত করে তাদের স্বরূপ উন্মোচন করা জাতির বৃহত্তর স্বার্থে আবশ্যক হয়ে পড়েছে।”
বেসরকারি বার্থ অপারেটর প্রতিষ্ঠান ‘সাইফ পাওয়ার টেক লিমিটেড’ চট্টগ্রাম বন্দরের সিসিটি (চিটাগাং কন্টেইনার টার্মিনাল), এনসিটির আংশিক (নিউ মুরিং কনটেইনার টার্মিনাল) ও আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) পরিচালনা করে।
গত বুধবার সাইফ পাওয়ার টেককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে এক মাসের সময় বেঁধে দেন মহিউদ্দিন।
প্রতিষ্ঠানটিকে বিনা দরপত্রে কাজ পাইয়ে দেয়ার অভিযোগে ‘চট্টগ্রাম বন্দর বাঁচাও, সাইফ পাওয়ার টেক হঠাও’ স্লোগান নিয়ে এক জনসভায় এই ‘আল্টিমেটাম’ দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন।
শুক্রবার পরিষদের লিখিত বিবৃতিতে বলা হয়, সংসদীয় কমিটির সদস্য মো. আব্দুল হাই যে বক্তব্য দিয়েছেন তা ‘সংসদীয় রীতিনীতি ও শিষ্টাচার’ বর্হিভূত।
“গত প্রায় আট বছর ধরে স্টিভিডোরিং সনদবিহীন সাইফ পাওয়ার টেক দরপত্র প্রক্রিয়া ছাড়াই সিসিটি ও এনসিটিতে কাজ করছে। ঢাকার আইসিডিতে অবৈধভাবে কাজ নিয়ে গত ১৭ মাস ধরে চুক্তিভঙ্গ করছে।”
পরিষদের বিবৃতিতে বলা হয়, “এটা বেআইনী, সরকারী নিয়ম ও বন্দরের বিধি বর্হিভূত। সাইফ পাওয়ারের অবৈধ কার্যক্রম লাগামহীন পর্যায়ে যাওয়ায় বাধ্য হয়ে বন্দর রক্ষা পরিষদ আন্দোলনে নেমেছে।
“উদ্ভূত পরিস্থিতি প্রকৃত চিত্র অনুধাবন করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনে শরিক হয়েছেন মহিউদ্দিন চৌধুরী। তার সততা ও ন্যায় নিষ্ঠা প্রশ্নাতীত।”
বন্দর রক্ষা পরিষদের নেতৃত্বদানকারী শ্রমিক নেতাদের অধিকাংশই গত প্রায় দুই দশক ধরে মহিউদ্দিনের নেতৃত্বে বন্দর সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে আসছেন।
বিবৃতি দাতারা হলেন পরিষদের সদস্য সচিব মাহফুজুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক আবদুল আহাদ, ইসকান্দার মিয়া, ওয়াহিদুল্লা সরকার, সাজ্জাদুর রহমান বাচ্চু ও মো আলমগীর প্রমুখ।
