চবি শিক্ষকবাসে হামলা: আটক আরও ৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকবাসে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও পাঁচজন আটক হয়েছেন, যারা শিবিরকর্মী বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হাটহাজারি সদর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিকালে ক্যাম্পাস থেকে একজন এবং হাটহাজারি সদর থেকে চারজনকে আটক করা হয়।”
আটকরা এঘটনার সঙ্গে জড়িত কিনা সেটি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান ওসি।
বুধবার সকালে হাটহাজারির ছড়ারকুল এলাকায় শহর থেকে ক্যাম্পাসগামী চট্টগ্রাম বিশ্ববদ্যিালয়ের শিক্ষকবাসে হাতবোমা ছোঁড়ে শিবিরকর্মীরা। এসময় ১১ জন শিক্ষকসহ মোট ১৪ জন আহত হন।
যার মধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার পরপরই ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে পাঁচজন এবং বিকালে চবি ক্যাম্পাসে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করেছিল পুলিশ।
ওসি ইসমাইল বলেন, “আটক ২৫ জনের মধ্যে যাচাই-বাছাই করে ১১জনকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
শিক্ষকবাসে হামলার ঘটনায় চবি পরিবহন দপ্তরের পরিচালক রবিউল আলম এবং হাটহাজারি থানার এসআই মনজুর আহমেদ বাদি হয়ে পৃথক দুইটি মামলা করেন।
মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং বাকিদেরকে অজ্ঞাতনামা দেখিয়ে মোট ৯৫ জনকে আসামি করা হয়েছে।
