২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৭

নীলফামারী সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 08:31 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

সদর থানার ওসি শাহজাহান পাশা জানা, শুক্রবার বিকেলে উপজেলার টুপামারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের আফতাব (৩০), আনোয়ার হোসেন (৩৫), আব্দুস সাত্তার (৪৫), বাচ্ছাই (৩০), নুর ইসলাম (৬৫), একরামুল (৫৫) ও নজরুল ইসলাম (৩০)।

আহতদের সবাইকে প্রথমে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টুপামারী মাজারের পাশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকিরের এক একর ৪২ শতাংশ জমিতে বর্গা চাষ করেন ফকিরপাড়া গ্রামের চনে মামুদের ছেলে আফতাব, আনোয়ার ও সাত্তার। শুক্রবার বিকেল ৩টার দিকে ওই গ্রামের আব্দুল গনির ছেলে নুর ইসলাম লোকজন নিয়ে ওই জমির মালিকানা দাবি করে দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ওই সাতজন আহত হন।

“পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেয়। তাদের মধ্যে আফতাব ও আব্দুস সাত্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি বলে জানান তিনি।