শিক্ষকবাসে হামলা: চট্টগ্রামে পেশাজীবীদের মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকবাসে হাতবোমা হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে পেশাজীবীরা।
শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের সমাবেশে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
মানববন্ধন চলাকালীন সমাবেশে হাছান মাহমুদ বলেন, “একাত্তরের ১৪ ডিসেম্বর যেভাবে ঘাতক জামাত-শিবির চক্র শিক্ষক বুদ্ধিজীবীদের হত্যা করে মেধাশূন্য করতে চেয়েছিল তারই ধারাবিহকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে তারা হামলা চালিয়েছে।”
তিনি ছাত্র শিবিরকে একাত্তরের পরাজিত ‘জামাতচক্রের নব্য সংস্করণ’ আখ্যা দিয়ে দেশ থেকে তাদের উৎখাতের দাবি জানান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদ শিক্ষকদের ওপর হামলাকারীদের আগামী কয়েকদিনের মধ্যে চিহ্নিত করে চবি থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাত্র শিবিরকে বিশ্বের অন্যতম ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে প্রতিরোধের ডাক দেন তিনি।
পেশাজীবী সমন্বয় পরিষদের চট্টগ্রাম জেলার সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, আবৃত্তিকার রণজিৎ রক্ষিত, রাশেদ হাসান, শিক্ষকনেতা আবু তাহের চৌধুরী, অঞ্চল চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর রেহানা কবীর রাণু প্রমুখ।
কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী, ছাত্র, যুব ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
