বিএসএফের হাতে বাংলাদেশি আটক
চুয়াডাঙ্গার জীবননগরের নতুনপাড়া সীমান্ত থেকে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
বিএসএফের হাতে আটক ফারুক হোসেন (৩০) জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭/৮ জন গরু ব্যবসায়ী নতুনপাড়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকলে তাদের ধাওয়া করে ফারুককে ধরে নিয়ে যায় বিএসএফ। বাকিরা পালিয়ে যায়।
বিজিবি কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে রাতেই গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মহাসিন আলী ফারুককে ফেরত এবং এর প্রতিবাদ জানিয়ে বানপুর ক্যাম্পের বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে।
তবে শুক্রবার সকাল ৮টার দিকে নতুনপাড়া সীমান্তের ৬৬/২ সাব পিলারের কাছে দু’দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও ফারুককে ফেরত দেয়নি বিএসএফ।
গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মহসিন আলী জানান, বিএসএফ ফারুককে ভারতের কৃষ্ণনগর থানায় সোপর্দ করেছে।
