হুমায়ূন আহমেদের মা অসুস্থ, আইসিইউতে ভর্তি
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৮৪ বছর বয়সী আয়েশা ফয়েজ বেশ কিছুদিন ধরেই কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বৃহস্পতিবার তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতালের চিকিৎসক প্রফেসর বরেণ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তার কিডনিতে ইনফেকশন দেখা দিয়েছে। ছয় মাস আগেও ডায়ালাইসিস করা হয়েছিল।”
তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানান বরেণ চক্রবর্তী।
মা আয়েশা ফয়েজের সঙ্গে হুমায়ূন আহমেদ
তার জন্ম ১৯৩০ সালের ২৩ মার্চ, নানাবাড়ি বারহাট্টার কৈলাটি গ্রামে। বাবা শেখ আবুল হোসেন এবং মা খায়রুন নেসা। ১৯৪৪ সালের ৮ ফেব্রুয়ারি ফয়জুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হন পুলিশ কর্মকর্তা ফয়জুর।
