কারওয়ানবাজারে রেললাইনের পাশে উচ্ছেদ
ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার পরদিন রাজধানীর কারওয়ানবাজারে রেললাইনের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে এই অভিযান শুরু হয় বলে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান।
কারওয়ানবাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ফটক সংলগ্ন ক্রসিং থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত এই উচ্ছেদ চলবে বলে জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে থাকা এসব অবৈধ স্থাপনা থেকে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। পাশাপাশি ট্রেন চলাচলের কারণে এদের প্রত্যেকের জীবন থাকে ঝুকিপূর্ণ।
“এসব বস্তি উচ্ছেদ হলে মাদক ব্যবসা থাকবে না। আর দুর্ঘটনা শূন্যের কোঠায় নেমে আসবে।”
আগের দিন সকালে কারওয়ানবাজার রেলক্রসিংয়ের পাশে দুই ট্রেনের মাঝে পড়ে ধাক্কায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
রেল কর্মকর্তারা জানান, কারওয়ানবাজারে রেললাইনের উপর প্রতিদিন মাছ নিয়ে বসেন বিক্রেতারা।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে একটি রেললাইনের উপর থেকে ক্রেতা-বিক্রেতারা পাশের লাইনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলি এক্সপ্রেস সেখানে পৌঁছালে দুই ট্রেনের মাঝে পড়েন তারা।
ওসি মাজহারুল বলেন, “রেললাইনের পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে আগে উদ্যোগ নেয়া হলেও নানা কারণে তা হয়নি। রেল কর্তৃপক্ষের দায়িত্ব থাকলেও তারা তা করেনি। এখন ঢাকা মহানগর পুলিশ তা করছে।”
তবে কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেছেন, “এলাকাটি রেলের হওয়ায় রেল কর্তৃপক্ষই এ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। রেল পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ সহায়তা করছে।”
আগে কেন এ অভিযান চালানো হয়নি জানতে চাইলে রেল পুলিশের এই কর্মকর্তা বলেন, “রেল কর্তৃপক্ষকে বলার পরেও তারা আগ্রহ দেখায়নি।”
