এরশাদের এপিএস পরিচয়ে প্রতারক গ্রেপ্তার
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের এপিএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ৯টায় রংপুর নগরীর বিনোদপুর এলাকা থেকে গ্রেপ্তার আশরাফুল ইসলাম (২০) বিনোদপুর এলাকার বদিউজ্জামানের ছেলে।
র্যাব-১৩ উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোতাহের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশরাফুল লালমনিরহাট জেলা প্রশাসনে এমএলএসএস পদে চাকরি করে। বেতন বৃদ্ধির জন্য নিজেকে এরশাদের এপিএস বাদশা বলে পরিচয় দিয়ে বৃহস্পতিবার সকালে ফোনে রংপুরের বিভাগীয় কমিশনারের কাছে তদবির করে।
বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনারে সন্দেহ হলে র্যাবকে অবহিত করেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, আশরাফুল নিজেকে এরশাদের পালিত ছেলে বলে পরিচয় দিয়ে এক মাস আগে এমএলএসএস পদে চাকরি নিয়েছে।
