২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুজপুর হত্যা মামলার অভিযোগপত্র নিয়ে বাদীর আপত্তি

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় আদালতে দেয়া পুলিশের অভিযোগপত্র নিয়ে আপত্তি জানিয়েছেন বাদী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 10:02 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

ওই ঘটনায় নিহত ফটিকছড়ি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক ইকবাল বিপুলের ভাগ্নে জিয়াউল হক জিয়া বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত ই এলাহীর আদালতে এ আবেদন করেন।

এ মামলায় অধিকতর তদন্তের জন্যও আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

আদালত তার আবেদনের ওপর শুনানির জন্য ২০ অক্টোবর দিন নির্ধারণ করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাশেম।

২০১৩ সালের ১১ এপ্রিল বিএনপি জোটের ডাকা হরতাল প্রতিরোধে ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামের নেতৃত্বে মিছিল বের হয়।

কয়েকশ গাড়ি ও মোটর সাইকেলসহ মিছিলটি কাজির হাটে পৌঁছালে কাজীর হাট বড় মাদ্রাসার মসজিদ থেকে মাইকে ঘোষণা দেয়া হয়- ‘মাদ্রাসার বড় হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে’।

এরপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গাড়িবহরসহ মিছিলকে ঘিরে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের নেতৃত্বেই সেদিন হামলা হয়।

হামলায় নিহত হন ফটিকছড়ি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক ইকবাল বিপুল, ছাত্রলীগ সমর্থক মো. রুবেল ও ফোরকান মিয়া। পুলিশসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন। পুড়িয়ে দেয়া হয় দুইশ’ মোটর সাইকেল। 

তিনজন নিহতের ঘটনায় আলাদা তিনটি হত্যা মামলা করেন নিহতের স্বজনরা। গত ৯ জুন ওই তিন হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দেয় ফটিকছড়ি থানা পুলিশ।

তিন মামলায় মোট ৬২৩ জনকে আসামি করে পুলিশ। এর মধ্যে রুবেল হত্যা মামলায় ২১৯,  ফারুক ইকবাল হত্যা মামলায় ২০৭ এবং ফোরকান মিয়া হত্যা মামলায় ১৯৭ জনকে আসামি করা হয়। আসামিদের অনেকে তিন মামলার অভিযোগপত্রেই আছেন।

এর মধ্যে রুবেলের মামা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল পাশা শওকত গত জুন মাসেই নারাজি আবেদন করেন।

অগাস্টে এ বিষয়ে শুনানি শেষে আদালত মামলাটি আবার তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেয়।

নিহত ফোরকান মিয়ার বাবা এজাহার মিয়াও শিগগিরই অভিযোগপত্র নিয়ে নারাজি দেবেন বলে পিপি আবুল হাশেম জানান।

অভিযোগপত্র জমা দেয়ার পর আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম অভিযোগ করেন, তাদের না জানিয়ে অভিযোগপত্র তৈরি ও জমা দেয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় আওয়ামী  লীগ ও সহযোগী  সংগঠনের নেতা-কর্মীদের অভিযোগপত্রে সাক্ষী করা হয়নি বলেও তার অভিযোগ।

তবে পুলিশের দাবি,  ‘যথাযথ’ তদন্ত শেষেই অভিযোগপত্র তৈরি করা হয়েছে।

পুরনো খবর:

ভুজপুর তাণ্ডব: হত্যা মামলার তদন্তে ‍সিআইডি