অবৈধ অস্ত্র কেনাবেচা: এসআইসহ চারজন রিমান্ডে
অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে র্যাবের হাতে আটক পুলিশের এক এসআইসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের উপ-পরিদর্শক আসাদুজ্জামান, তার সঙ্গে থাকা সাইফুল ইসলাম, মাহবুবুল হাসান অপু ও মশিউর রহমান।
বৃহস্পতিবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক আনোয়ার ছাদাত এই আদেশ দেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মুহাম্মদ আনিসুর রহমান।
তিনি জানান, এর আগে উত্তরা থানার ওসি (তদন্ত) কাজী শাহান হক গ্রেপ্তারদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে হেফাজতের আবেদন করেন।
বুধবার সন্ধ্যায় র্যাব-১ এর সদস্যরা রাজধানীর উত্তরার ছয় নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন বাড়ি থেকে ওই পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১টি নাইন এম এম পিস্তল এবং তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
পরে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও একজনকে।
র্যাবের সন্দেহ, পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত আসাদুজ্জামানের অবৈধ অস্ত্র কেনাবেচায় যোগসাজশ রয়েছে।
পরিচয় গোপন রেখে অস্ত্র কেনার ভান করে কৌশলে ওই চারজনকে ধরা হয় বলে র্যাব জানিয়েছে।
