কৃষকদের নামে ৪ কোটি টাকার ঋণ ‘জালিয়াতি’
মাগুরায় সদর উপজেলার আলমখারিতে এক ঋণ প্রকল্পের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে চার কোটি টাকা জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, আলমখালি বাজারের কৃষি ব্যাংক থেকে শস্য গুদাম ঋণ প্রকল্পের তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন হাজরাপুর ইউনিয়নের ৫ শতাধিক কৃষকের নামে জালিয়াতির মাধ্যমে চার কোটি টাকার ঋণ তুলে নিয়েছেন। সম্প্রতি ব্যাংক থেকে ওইসব কৃষকের কাছে কিস্তির টাকা আদায় করতে গেলে বিষয়টি জানাজানি হয়।
ভূক্তভোগী কৃষক সুলতান বিশ্বাস বলেন, “গুদামের তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন আমাদের নামে ওই ব্যাংক থেকে মাথাপিছু ৭৫ হাজার থেকে ৮৮ হাজার টাকা করে ঋণ উত্তোলন করেন। যে বিষয়ে আমরা কিছুই জানি না।”
তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকরা আগামী তিনদিনের মধ্যে ঋণমুক্তির স্বীকৃতিপত্রের দাবি ও তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেনের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলমখালি কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক শ্যামল কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে তিনি আশ্বাস দিয়েছেন।
