মগবাজারের দুর্ভোগ ‘সহনীয়’, দাবি কাদেরের
নির্মাণাধীন মগবাজার ফ্লাইওভার সংলগ্ন সড়ক চলাচলের জন্য সহনীয় পর্যায়ে চলে এসেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ওই সড়ক পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, “আমি দশ দিন আগে এখানে এসেছিলাম, তখন ১০ দিনের সময় বেঁধে দিয়েছিলাম। আর একটি কমিটিকে দায়িত্ব দিয়েছিলাম। তারা কথা রেখেছেন।”
মগবাজার-মৌচাক নির্মাণাধীন ফ্লাইওভার সংলগ্ন রাস্তা জরুরিভিত্তিতে মেরামতের কাজ তদারকিতে গত ২০ অগাস্ট ওই কমিটি গঠন করে যোগাযোগ মন্ত্রণালয়।
কাদের বলেন, “এখন মানুষের ভোগান্তি নেই তা বলা যাবে না। তবে ভোগান্তি অনেক কমে গেছে। এখানে যাত্রীদের দুর্ভোগ সহনীয় পর্যায়ে চলে এসেছে।”
কোরবানীর ঈদ ও দুর্গাপূজা সামনে রেখে সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের এই কাজ অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।
“আমি যাত্রী সাধারণের প্রতি আহ্বান জানাব- দীর্ঘস্থায়ী স্বস্তির জন্য বড় নির্মাণকাজ চলাকালে সাময়িক কষ্ট মেনে নিতে হবে।”
ফ্লাইওভারের মূল দুটি অংশের নির্মাণ কাজ ২০১৫ সালের জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানান মন্ত্রী।
ওই রাস্তা ঘুরে দেখা যায়, মগবাজার থেকে মালিবাগ ও আশেপাশের রাস্তার গর্ত ইট দিয়ে সাময়িকভাবে মেরামত করা হয়েছে।
এই সংস্কার ১০ দিনও টিকবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটি কনটিনিউয়াস প্রসেস, না থাকলে অবশ্যই কৈফিয়ত দিতে হবে।”
গত ঈদের মতো আগামী কোরবানীর ঈদের আগেও ফ্লাইওভারের নির্মাণ কাজ বন্ধ রাখা হবে কিনা জানতে চাইলে কাদের বলেন, “ঈদের আগে ও পরে তিন দিন করে বন্ধ থাকবে বলে বিবেচনা করছি। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
