২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি সেজে পোশাক কারখানার ৭২ লাখ টাকা ছিনতাই

গোয়েন্দা পুলিশের পরিচয়ে গাজীপুরের একটি সোয়েটার কারখানার শ্রমিক বেতনের সাড়ে ৭২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 12:34 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের ঝাজর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নার সোয়েটার লিমিটেড নামের ওই কারখানার উৎপাদন ব্যবস্থাপক মো. আলাউদ্দিন মজনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “বিকাল ৫টায় ইসলামী ব্যাংকের উত্তরা শাখা থেকে শ্রমিক-কর্মচারীদের বেতনের ৭২ লাখ ৫৬ হাজার টাকা তুলে মাইক্রোবাসে করে চালকসহ দুই কর্মকর্তা গাজীপুরের কারখানায় ফিরছিলেন।

“ঝাজর এলাকার রহিমা বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার বাঁক ঘুরতে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা ডিবি পুলিশের পোশাক পড়া কয়েকজন লোক একটি ‘হাই-এইস’ মাইক্রোবাস দিয়ে কারখানার মাইক্রোবাসটির গতিরোধ করে।” 

তিনি জানান, এসময় দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম (৩০), প্রশাসন বিভাগের কর্মকর্তা আব্বাস আলী (৪৫) ও মাইক্রোবাসের চালক সাইফুল ইসলামকে (২৮) গাড়ি থেকে নামিয়ে তাদের গাড়িতে উঠতে বাধ্য করে।  

এছাড়া টাকা ভর্তি ট্র্যাঙ্কটিও নিজেদের মাইক্রোবাসে তুলে নেয়। আর কারখানার মাইক্রোবাসটি ঘটনাস্থলেই পরিত্যক্ত অবস্থায় ফেলে যায়।

পরে ওই তিনজনকে ঘোড়াশাল ব্রিজের পশ্চিম পাশে রেখে টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় তারা নিজেদের ব্যবহৃত মাইক্রোবাসটিও ফেলে যায়।

এরপর ফেলে যাওয়া কর্মকর্তারা ফোন করে কারখানা কর্তৃপক্ষ লুটের ঘটনা জানালে তারা পুলিশে খবর দেয়।  

কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘোড়াশাল ব্রিজের পশ্চিম পাশ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ- ১১-৮৪৫৬), একটি ওয়াকিটকি, ডিবি পুলিশ লেখা দুটি জ্যাকেট ও দুটি লাঠি উদ্ধার করে।”

মাইক্রোবাসটিতে ইটিভি লেখা একটি নেম প্লেট ও প্রেস লেখা লাগানো কাগজ লাগানো ছিল বলে জানান ওসি নাজমুল।

পরে কারখানার ওই দুই কর্মকর্তা ও মাইক্রোবাস চালক এবং ছিনতাইকারীদের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে কালীগঞ্জ থানায় নেয়া হয়।

উদ্ধারকৃতরা জানান, ঘোড়াশাল ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে দৃর্বৃত্তদের গাড়িটির ‘স্টিয়ারিং লক’ হয়ে যায়। পরে মাইক্রোবাসটিতে তাদের রেখেই ছিনতাইকারীরা অন্য একটি গাড়িতে টাকার ট্রাঙ্কটি নিয়ে পালিয়ে যায়।