২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুলের শিক্ষকের ওপর হামলাকারীর শাস্তি দাবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন পাবলিক  বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 11:19 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার এক বিবৃতিতে তারা দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছেন।

গত সোমবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোল্লা আমিনুল ইসলামের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত।

বিবৃতিতে বলা হয়, যে বা যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় এনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। 

“বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যেসব তরুণ শিক্ষক অবদান রাখতে দিনরাত পরিশ্রম করছেন, তাদের মধ্যে অন্যতম মোল্লা আমিনুল ইসলাম।অজাতশত্রু এই শিক্ষকের ওপর হামলা এটাই প্রমাণ করে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটা নিরাপত্তাহীন।”

বিবৃতিদাতারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।