ফারুকী হত্যা: ৬ টিভি উপস্থাপককে গ্রেপ্তারের দাবি
নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় দায়ের মামলার আসামি ছয় টিভি উপস্থাপককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইসলামী ফ্রন্ট এবং এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসেনা।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, “মওলানা ফারুকী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ছয়জন উপস্থাপকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।”
এই ছয় উপস্থাপক হলেন- এনটিভি ও এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের আলোচক জামায়াতের রুকন তারেক মনোয়ার ও নরসিংদী জামায়াতের সাবেক আমির কামাল উদ্দিন জাফরী; দিগন্ত ও পিস টিভির ইসলামী অনুষ্ঠানের আলোচক কাজী ইব্রাহীম; এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক আরাকানুল্লাহ হারুনী; আরটিভি ও রেডিও টুডের উপস্থাপক খলেদ সাইফুল্লাহ বখশী এবং বাংলাভিশনের ‘কোরানের আলো’ অনুষ্ঠানের উপস্থাপক মুখতার আহমদ।
নুরুল ইসলাম ফারুকী
গত ২৭ অগাস্ট রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন তিনি।
অন্যদের মধ্যে ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগর সভাপতি মাসউদ হোসাইন, ইসলামী ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সচিব মাসউদ হোসাইন আল-কাদরী, যুবনেতা আরুছুর রহমান, মনজুর মোর্শেদ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।
