গাইবান্ধায় ১৮শ টেলিফোন লাইন বিকল
গাইবান্ধা জেলা শহরে ১৮শ গ্রাহকের টেলিফোন লাইন গত তিনদিন ধরে বিকল হয়ে রয়েছে।
শহরের ডি বি রোডের টেলিফোন গ্রাহক শাহাবুল শাহীন জানান, বিগত ৩ দিন যাবত বন্ধ রয়েছে টেলিফোন লাইন। অভিযোগ কেন্দ্র থেকে বলা হচ্ছে লাইন সচল করার চেষ্টা অব্যাহত আছে। কিন্তু তারা নিশ্চয়তা দিতে পারছে না কবে থেকে টেলিফোন সচল হবে।
বাংলা বাজার রোডের টেলিফোন গ্রাহক অ্যাডভোকেট ফজলে করিম পল্লব জানান, টেলিফোন বিকল থাকায় প্রবাসী আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেননা বিদেশে যারা অবস্থান করেন তারা নিজ এলাকার যোগাযোগের ক্ষেত্রে টেলিফোনের উপরই নির্ভরশীল।
গাইবান্ধা টেলিফোন এক্সচেঞ্জের উপ-সহকারী প্রকৌশলী জানান, কম্পিউটারের সফট্ওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ায় এই এক্সচেঞ্জের আওতাধীন ১৮শ টেলিফোন বিকল হয়ে রয়েছে। স্থানীয় প্রকৌশলী এবং রংপুর ও বগুড়ার অফিসের ইঞ্জিনিয়াররা মেরামতের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
যেকোনো মুহূর্তে টেলিফোনগুলো সচল হতে পারে বলেও জানান তিনি।
