২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বাঁচাতে ‘লড়াইয়ের’ আহ্বান সিপিবির

ঢাকাকে বাসযোগ্য করার লক্ষ্যে জনসচেতনতা গড়ে তুলতে ‘রাজনৈতিকভাবে’ লড়াইয়ের আহ্বান জানালেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 08:17 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার রাজধানীর মুক্তিভবনে সিপিবির ঢাকা কমিটি আয়োজিত ‘বাসযোগ্য ঢাকা চাই, সবার জন্য ঢাকা চাই’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

‘ঢাকার সমস্যা যানজট নয়, জনজট’ মন্তব্য করে সেলিম বলেন, “এখানে নিয়মিত মানুষের স্রোত আসছে। রাজধানী হিসাবে ঢাকার যেভাবে অগ্রগতি হয়েছে সেভাবে অবকাঠামোগত উন্নতি হয়নি।”

ঢাকার বর্তমান দুরবস্থার জন্য ‘জনসংখ্যা বিস্ফোরণ’ ও ‘অসৎ’ রাজনীতিকদের দায়ী করেন সেলিম।

“অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত জনসংখ্যার কারণে এখন পুরো দেশ ও রাজধানীর একই চিত্র। ঢাকাকে নিয়ে নৈরাজ্য বেড়েই চলেছে। রাজনীতির দুর্বৃত্তায়নের কারণে দেশের সর্বত্রই তা হচ্ছে।”

তার ভাষায়, “দেশের এ অবস্থার জন্যে দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠী দায়ী। অচল ঢাকাকে সচল করতে হলে রাজনৈতিকভাবে লড়তে হবে। দেশকে বদলাতে হবে।”

প্রশাসনিক বিকেন্দ্রীকরণের গুরুত্ব তুলে ধরে সেলিম বলেন, বর্তমানে রাজনৈতিক কৌশল হচ্ছে ক্ষমতাকেন্দ্রিক। কিন্তু জনগণের দৃষ্টিভঙ্গি বিবেচনায় নিয়ে সিপিবিকে এগোতে হবে।

ঢাকাকে রক্ষার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সিপিবি সভাপতি বলেন, “তোমরা প্রস্তুত হও। লড়াই করতে হবে আমাদের।”

ঢাকার আশ-পাশের নদীরক্ষায় প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

“নদীরক্ষায় প্রধানমন্ত্রী আন্তরিক এমন বিবেচনা করলে ভুল করবেন। ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠতে পরে না। আবার তিনি আন্তরিক হলেও কিছু ব্যক্তির কাছে এ উদ্যোগ হজম হয়ে যায়।”

ঢাকা সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার সমালোচনা করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সেলিম প্রশ্ন করেন, “নির্বাচিত নেতৃত্ব ছাড়া দেশ পরিচালনা করা যাবে না, অথচ অনির্বাচিত প্রতিনিধি দিয়েই চলছে ডিসিসি। এ কোন রাজনীতি?”

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন অবশ্য সেলিমের সঙ্গে দ্বিমত পোষণ করেন।

তিনি বলেন, “নদী রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক হলেও মনে হয় একটা শ্রেণির কাছে তিনি অসহায়।”

বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি বলেন, রাজধানীর আশপাশের সাতটি নদী সচল রাখতে পারলে ঢাকা হতো ‘সুন্দর মহানগরী’।

বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, বংশী নদী ও টঙ্গীখালের কথা তুলে ধরে ঢাকার নদ-নদীর অব্যবস্থাপনা ও সংলগ্ন খালগুলো দখলের সমালোচনা করেন মতিন। পাশাপাশি নদী রক্ষা কমিশনের কার‌্যক্রম নিয়েও হতাশা প্রকাশ করেন।

“নদী রক্ষা কমিশন সরকারের তৃতীয় সর্বোচ্চ কমিটি। কিন্তু এ কমিটির সুপারিশ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট বাস্তবায়ন কর্তৃপক্ষ শোনে না।… কিছু লোকের কারণে ঢাকার পরিবেশ বিপর‌্যস্ত হচ্ছে। প্রধানমন্ত্রীও মনে হয় তাদের কাছে অসহায়।”

ডা. আবু সাঈদের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রুহিন হোসেন প্রিন্স, হাসান তারিক চৌধুরী সোহেল, মিহির বিশ্বাস, আমিনুর রসুল বক্তব্য দেন।

আলোচকরা ঢাকাকে বাঁচাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

আলোচনার শুরুতে সঞ্চালক সাজেদুল হক রুবেল বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরও ঢাকার পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক ও দুর্বিষহ অবস্থায় পৌঁছেছে। স্থানীয় সরকারের ক্ষমতায়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, খাল পুনরুদ্ধারসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেন তিনি।