অবৈধ অস্ত্রসহ এসআই গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় এক পুলিশ কর্মকর্তা অবৈধ অস্ত্রসহ র্যাবের হাতে ধরা পড়েছেন।
গ্রেপ্তার মো. আসাদুজ্জামান পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত। অবৈধ অস্ত্র কেনা-বেচায় তার যোগসাজশ রয়েছে বলে র্যাবের সন্দেহ।
বুধবার বিকালে উত্তরা ৬ নম্বর সেক্টরের নির্মাণাধীন একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আসাদুজ্জামানকে।
তার সঙ্গে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
র্যাবের অতিরিক্ত মহাপরিচলক কর্নেল জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ অস্ত্র বিক্রেতাদের ধরতে র্যাবের কৌশলী অভিযানে ধরা পড়েন পুলিশের এসআইসহ ওই তিনজন।
“পরিচয় গোপন রেখে ওই চক্রের কাছ থেকে অস্ত্র কেনার প্রস্তাব দেয়া হয়েছিল। ওই অস্ত্র কেনার ভান করে গিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
এসআই আসাদুজ্জামান এসবিতে কর্মরত বলে র্যাব কর্মকর্তা জানান। গ্রেপ্তার অন্য দুজন হলেন সাইফুল ইসলাম ও মাহমুদুল হাসান।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাব অধিনায়ক মাসুদ।
