গৃহকর্মী অন্তঃসত্ত্বা, গৃহকর্তা আইনজীবীকে খুঁজছে পুলিশ
রাজধানীর মোহাম্মদপুরে এক কিশোরী গৃহকর্মীকে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে এক আইনজীবীর বিরুদ্ধে। ওই কিশোরী এখন সাত মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় গৃহকর্মীর বাবা মঙ্গলবার রাতে আইনজীবী আব্দুল হামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।
আসামিকে ধরতে রাতেই মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি বলে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানিয়েছেন।
মেয়েটিকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনগত প্রক্রিয়ার পাশাপাশি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত সোমবার আব্দুল হামিদের স্ত্রী ডেকে পাঠান জানিয়ে মেয়েটির মা বলেন, “সেদিন আমাকে বাসায় নিয়ে মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানায়।”
পরে পরিবারের মধ্যে আলোচনা করে মেয়েসহ তাকে উত্তরায় এক চিকিৎসকের কাছে নিয়ে যান হামিদ। সেখানে তাদের রেখে হামিদ চলে আসেন।
“রাতে বাচ্চা নষ্ট করার জন্য ব্যবস্থা নেয়া হয়। কিন্তু আমার মেয়ে ভয় পাওয়ায় তা আর হয়নি,” বলেন ওই গৃহকর্মীর মা।
তিনি জানান, পরদিন মঙ্গলবার বিকালে হামিদ নিজের গাড়িতে করে তাদের উত্তরা থেকে মোহাম্মদপুরে নিয়ে আসেন। বেড়িবাঁধে তাদের বাসার কাছে মা-মেয়েকে নামিয়ে দিয়ে চলে যান।
এরপর স্থানীয় একজনের সহায়তায় থানায় আসেন বলে মেয়েটির মা জানান।
ওই গৃহকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহকর্তা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করত। নানা অজুহাতে হামিদের স্ত্রী ও মেয়েও তাকে প্রায়ই মারধর করত।
মেয়েটির মা বলেন, হামিদের স্ত্রী কখনোই তাকে তাদের পাঁচতলার বাসায় যেতে দিতে চাইতেন না। ফলে মেয়েকে নিচ থেকে দেখে চলে যেতে হতো। মাসে ১৩০০ টাকা বেতন দেয়ার কথা থাকলেও তা ঠিকমতো দেয়া হতো না।
