মেঘনায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১২
নারায়ণগঞ্জে মেঘনা নদীতে বালুবাহী ট্রলার থেকে চাঁদাবাজির অভিযোগে নগদ টাকাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
বুধবার সকালে মেঘনা নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন বাদল মিয়া (৩০), রমজান আলী (৪৩), আমজাদ হোসেন (৩৬), মামুন ইসলাম (৩৬), দ্বীন ইসলাম (২৫), শের আলী (২৮), মঞ্জুরুল ইসলাম (৩৬), শাহদাত হোসেন (২৫), জুম্মন সিকদার (১৮), মোহাম্মদ মিলন (১৮), রবিন (১৮) ও পারভেজ (১৭)।
পাগলা কোস্টগার্ড স্টেশন কামান্ডার লে. হাসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
জানান, গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের পাগলা ও চাদঁপুরের টিম যৌথ অভিযান চালিয়ে সোনারগাঁওয়ের মেঘনা নদীর মোহনা থেকে এদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত দুটি ট্রলারও জব্দ করা হয়।
আটককৃতরা মেঘনা নদীর মোহনা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীতে চলাচলকারী বালুবাহী ট্রলার থেকে রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে র্দীঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল বলে জানান তিনি।
সোনারগাঁও থানাও ওসি রিজাউল হক জানান, আটকদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে।
