২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হত্যার দায়ে মাছ ব্যবসায়ীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরের আব্দুল কুদ্দুস নামের এক মাছ ব্যবসায়ীকে হত্যার দায়ে আরেক মাছ ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 12:24 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা (দ্বিতীয়) আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির বুধবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানসুর ওরফে মুনসুর (৩০) উল্লাপাড়া উপজেলার রাগববাড়িয়া গ্রামের কালাচানের ছেলে।

সর্বোচ্চ সাজার পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শহিদুল ইসলাম নামে আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ সরকার।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৪ নভেম্বর ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর এলাকার নবী চাদ ব্যাপারীর ছেলে মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৩২) নিখোঁজ হন।

পরদিন ৫ নভেম্বর উল্লাপাড়া উপজেলার নবীপুর গ্রাম থেকে তার জবাই করা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বুলবুলি খাতুন বাদী হয়ে দুইজনের নামে এই হত্যা মামলা দায়ের করেন।