বগুড়ার গাবতলী পৌরসভা নির্বাচনে বাধা কাটল
বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র নির্বাচন স্থগিত করে দেয়া আদেশ প্রত্যাহার করেছে হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।
উপ-নির্বাচনের মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলামের আবেদনের শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ মঙ্গলবার স্থগিতাদেশ প্রত্যাহারের এই আদেশ দেয়।
আদালতে আনোয়ারুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আকতার ফরহাদ জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
আকতার ফরহাদ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত স্থগিতাদেশ প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানেরও নির্দেশনা দিয়েছে।
গাবতলী পৌরসভার নির্বাচিত মেয়র মোরসেদ মিলটন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই পদ শূণ্য হয়। গত ২৬ জুন পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন হওয়ার কথা ছিল।
কিন্তু নির্বাচনের আগে পৌরসভার পশের এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন হাই কোর্টে এক রিট আবেদনে বলেন, তার এলাকাও পৌরসভায় অন্তর্ভুক্ত করার জন্য একটি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তার আগ পর্যন্ত নির্বাচন স্থগিতের আবেদন করেন আনোয়ার।
ওই আবেদনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন আদালত রুল জারির পাশাপাশি নির্বাচন স্থগিত করে দেয়।
আকতার ফরহাদ বলেন, “আমরা আদালতকে বলেছি, উপ-নির্বাচনের আগে এ ধরনের দরখাস্ত বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিত করার কোনো বিধান আইনে নেই। মূল নির্বাচনের আগে এটা করা যায়। বিষয়টি আমলে নিয়ে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।”
