২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋতুর আত্মহনন: একজন গ্রেপ্তার

উত্ত্যক্তের মাধ্যমে রাজধানীর খিলগাঁওয়ে এক কিশোরীকে আত্মহননের দিকে ঠেলে দেয়ার অভিযোগে সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 10:19 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

গ্রেপ্তার মো. জিয়াদ (২০) উম্মে কুলসুম ঋতুকে (১৫) আত্মহত্যায় প্ররোচনা দেয়ার মামলার প্রধান আসামি শিমুল মণ্ডলের বন্ধু বলে পুলিশ জানিয়েছে।   

খিলগাঁও থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নন্দীপাড়া এলাকা থেকে জিয়াদকে গ্রেপ্তার করা হয়।

নন্দিপাড়ার ঋতু শনিবার আত্মহত্যা করার পর তার মা সাথী বেগম পাঁচজনকে আসামি করে মামলা করেন, যাতে প্রধান আসামি করা হয় শিমুলকে।

আত্মহত্যার আগে শিমুলের নেতৃত্বে যারা ঋতুদের বাড়িতে গিয়ে তার শ্লীলতাহানি করে, তার মধ্যে জিয়াদও ছিলেন বলে ওসি জানান।

ওই ঘটনার পরপরই বিষপানে আত্মহত্যা করেন স্থানীয় ইস্ট পয়েন্ট স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ঋতু।

ঋতুর চাচা মো. ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে শিমুল ও তার বন্ধুরা ঋতুকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। শনিবার তারা বাড়িতে ঢুকে ঋতুকে গালাগালির পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা চালায়। এরপর তাদের উপস্থিতিতেই নিজ কক্ষে ঢুকে বিষ খায় ঋতু।”

তিন ভাই-বোনের ঋতু বড়। তার বাবা মো. আশিক ও মা সাথী আক্তার ডেমরায় একটি পোশাক কারখানার কর্মচারী।

পুরনো খবর:

আত্মহত্যায় প্ররোচনা : খিলগাঁওয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা