আত্মহত্যায় প্ররোচনা : খিলগাঁওয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর খিলগাঁওয়ের এক স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে তার পরিবার।
শনিবার রাতে ওই স্কুলছাত্রীর মা সাথী বেগম মামলাটি করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শনিবার রাতে খিলগাঁওয়ের নন্দিপাড়ায় নিজের বাসায় বিষপানে আত্মহত্যা করেন স্থানীয় ইস্ট পয়েন্ট স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম ঋতু (১৫)।
তার পরিবারের অভিযোগ, উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন ঋতু।
ঋতুকে উত্ত্যক্তের জন্য স্থানীয় বখাটে শিমুল চন্দ্র মণ্ডল ও তার বন্ধুদের দায়ী করা হয়েছে মামলায়। এতে শিমুলের সঙ্গে আসামি করা হয়েছে সেন্টু চন্দ্র মণ্ডল, জয় গোপাল মণ্ডল, শিমুলের বাবা রঞ্জন চন্দ্র মণ্ডল, মালতী রানা মণ্ডলকে।
ওসি মোস্তাফিজুর বলেন, “আসামিরা ভয়ে এলাকা ছেড়েছে। অবস্থান সনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঋতুর চাচা মো. ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে শিমুল ও তার বন্ধুরা ঋতুকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। শনিবার তারা বাড়িতে ঢুকে ঋতুকে গালাগালির পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা চালায়। এরপর তাদের উপস্থিতিতেই নিজ কক্ষে ঢুকে বিষ খায় ঋতু।”
তিন ভাই-বোনের ঋতু বড়। তার বাবা মো. আশিক ও মা সাথী আক্তার ডেমরায় একটি পোশাক কারখানার কর্মচারী।
আশিক কান্নাজড়িত কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই, আমার মাইয়াটারে মাইরা ফালাইসে। আমার মতো আর কারো জানি মাইয়া হারাইতে না হয়। আমি ওদের বিচার চাই।”
ইস্ট পয়েন্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, “ঋতু শনিবার রাতেও আমাকে বলেছিল, ‘স্যার আমি তো বাঁচব না, ওদের যেন বিচার হয়’।”
ঋতুর পরিবারের করা মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক এস এম শাহজাহান জানান, রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ঋতুর ময়নাতদন্ত হয়েছে। তাকে কুমিল্লায় দাউদকান্দিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
