২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী শিক্ষায় হাসিনার পদক্ষেপের প্রশংসায় ইউনেস্কো

নারী ও কন্যাশিশুদের শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইউনেস্কোর প্রধান ইরিনা বোকোভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 10:18 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

তিনি বাংলাদেশের সরকার প্রধানকে ‘চ্যাম্পিয়ন হেড অফ গভার্নমেন্ট’ বলে অভিহিত করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ইরিনা বোকোভা।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ‘নারী ও কন্যাশিশুদের স্বাক্ষরতা ও শিক্ষা : টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে  যোগ দিতে ঢাকায় এসেছেন ইউনেস্কোর মহাপরিচালক।

শেখ হাসিনা সকালে এই সম্মেলনে অংশ নেয়ায় ইউনেস্কোর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান বোকোভা।

তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধানের উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করেছে।

বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশে নারী ও শিশুকন্যাদের শিক্ষার প্রসারে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে নারী শিক্ষা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সর্বত্র নারীদের সাক্ষরতার আওতায় নিয়ে আসা হয়েছে। সরকার বর্ণ শিক্ষা ও পড়ার সুযোগ করে দিচ্ছে।

বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নারী শিক্ষার উন্নয়নে বড় ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। ধর্মীয় শিক্ষার আধুনিকীকরণের কথাও বলেন তিনি।

নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারে স্বীকৃতি স্মারক ‘শান্তি বৃক্ষ’ দেয়ায় ইউনেস্কোর প্রধানকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

সকালে সম্মেলনে শেখ হাসিনার হাতে ‘শান্তি বৃক্ষ’ জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মহাপরিচালক বোকোভা।

সাক্ষাতকালে মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।