২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাহসী নারী’ হাসিনা পথ দেখাচ্ছেন: ইউনেস্কো প্রধান

নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারে স্বীকৃতি স্মারক ‘শান্তি বৃক্ষ’ দেয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ইউনেস্কোর প্রধান।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 06:02 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

নারী শিক্ষায় হাসিনার পদক্ষেপের প্রশংসায় ইউনেস্কো
ইউনেস্কোর ‘শান্তি বৃক্ষ’ নারীদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ‘সাহসী নারী’ অভিহিত করে জাতিসংঘের এ সংস্থাটির প্রধান বলেছেন, নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব মঞ্চের ‘জোরালো এক কন্ঠ’।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার সকালে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘নারী ও কন্যাশিশুদের স্বাক্ষরতা ও শিক্ষা: টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।

সম্মেলনে শেখ হাসিনার হাতে ‘শান্তি বৃক্ষ’ জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীরা ছাড়াও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর শিক্ষামন্ত্রী, আফ্রিকা মহাদেশের বুরকিনা ফাসোর উপ-শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে স্মারক দেয়ার ঘোষণার বক্তব্যের শুরুতেই ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী নারী। বিশ্ব পর‌্যায়েও মাননীয় প্রধানমন্ত্রীর নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নে রয়েছে জোরালো কণ্ঠ।

“আপনি (শেখ হাসিনা) ইউনেস্কোর একজন ঘনিষ্ঠ বন্ধু। ২০১১ সালে যখন বৈশ্বিক অংশীদারিত্বে নারী ও কন্যাশিশুদের জন্য শিক্ষার কাজ শুরু করি তখন প্রধানমন্ত্রী অংশগ্রহণে বিশেষভাবে সম্মানিত হয়েছিলাম।”

ইরিনা বোকোভা বলেন, ভিন্নধরনের নেতৃত্বের কারনেই বাংলাদেশ ‘গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভ’-এর অন্যতম ‘চ্যাম্পিয়ন’ দেশ হয।

শেখ হাসিনার নেতৃত্বেরে সাফল্যের কথা তুলে ধরে তাকে ইউনেস্কোর ‘শান্তি বৃক্ষ’ দেয়ার ঘোষণা দেন ইউনেস্কো প্রধান।

এ স্মারক শান্তি ও স্বাধীনতার বোঝাপড়ার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।

ইরিনা বোকোভা বলেন, ইউনেস্কো মনে করে টেকসই শান্তি ও স্বাধীনতা তখনই অর্জন করা সম্ভব হবে যখন নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন হবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রে তারা অবদান রাখতে পারবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কাজটিই করছেন বলে মনে করেন তিনি।

এরপর প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন তিনি।

শেখ হাসিনা তার বক্তব্যে ‘শান্তি বৃক্ষ’ বিশ্বের সকল নারীর প্রতি উৎসর্গ করেন।

তিনি বলেন, “আমি মনে করি, উপযুক্ত শিক্ষাই পারে একটি মেয়েকে সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। যে কোনো ধরনের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসও শিক্ষাই দিতে পারে। আমরা সে কাজটিই করে যাচ্ছি।” 

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে নতুন কারিকুলাম প্রণয়ন করেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকে শুরু করে জুনিয়র স্কুল, মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিকসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের ‘আত্মবিশ্বাস বেড়েছে।

“এখন ৯২ শতাংশ পাশ করছে। পরবর্তীতে কম করে হলেও ৯৮ ভাগ পাশ করবে এটাই আমাদের লক্ষ্য।”

বাংলাদেশ সরকার ‘নারী ও কন্যাশিশুদের স্বাক্ষরতা ও শিক্ষা : টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক ইউনেস্কোর এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের প্রতিটি শিশু বিশেষ করে কন্যাশিশুকে শিক্ষাদান আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে মেয়েরা স্কুলে যেতে বিভিন্ন প্রতিকূলতার শিকার হয়। তাদের পড়ালেখা বন্ধ হয়ে যায়। আমরা এর অবসান চাই। এটাই হোক আজকের এই সম্মেলনে আমাদের দৃপ্তশপথ।”

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ অবস্থা থেকে বেরিয়ে এসেছে। প্রতিটি শিশু স্কুলে যেতে পারছে।

 “আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসি তখন সাক্ষরতার হার ছিল ৪৫ শতাংশ। সেটাকে ২০০১ সালে আমরা ৬৫ ভাগে নিয়ে যাই। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামায়াত সরকার সেই অর্জন ধরে রাখতে ব্যর্থ হয। ২০০৬ সালে সাক্ষরতার হার ৪৪ শতাংশে নেমে আসে।”

শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ২০১১ সালের মধ্যেই বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছি। আমরা প্রতি বছরের প্রথম দিন প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছি।”

তিনি বলেন, “রূপকল্প ২০৪১-এর ভিত্তিতে একটি উন্নত, সুশিক্ষিত ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের সোপান রচনায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এই কর্মযজ্ঞে নারী ও মেয়ে শিশুরা সব সময়ই আমাদের বিবেচনার অগ্রভাগে থাকবে।”

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, ইকুয়েডর ও বুর্কিনা ফাসো এই ছয় দেশের সাতজনকে এ অনুষ্ঠানে ‘ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার-২০১৪’ দেয়া হয়।