২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কোর ‘শান্তি বৃক্ষ’ নারীদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতি হিসাবে ইউনেস্কোর দেয়া স্মারক ‘শান্তি বৃক্ষ’ বিশ্বের সকল নারীর প্রতি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 02:19 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

তিনি বলেছেন, “আমি মনে করি, উপযুক্ত শিক্ষাই পারে একটি মেয়েকে সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। যে কোনো ধরনের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসও শিক্ষাই দিতে পারে। আমরা সে কাজটিই করে যাচ্ছি।”

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এবং একাধিক দেশের মন্ত্রীদের সামনে বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে নতুন কারিকুলাম প্রণয়ন করেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকে শুরু করে জুনিয়র স্কুল, মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিকসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের ‘আত্মবিশ্বাস বেড়েছে’।

“এখন ৯২ শতাংশ পাশ করছে। পরবর্তীতে কম করে হলেও ৯৮ ভাগ পাশ করবে এটাই আমাদের লক্ষ্য।”

বাংলাদেশ সরকার ‘নারী ও কন্যাশিশুদের স্বাক্ষরতা ও শিক্ষা : টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক ইউনেস্কোর এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের প্রতিটি শিশু বিশেষ করে কন্যাশিশুকে শিক্ষাদান আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে মেয়েরা স্কুলে যেতে বিভিন্ন প্রতিকূলতার শিকার হয়। তাদের পড়ালেখা বন্ধ হয়ে যায়। আমরা এর অবসান চাই। এটাই হোক আজকের এই সম্মেলনে আমাদের দৃপ্তশপথ।”

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ অবস্থা থেকে বেরিয়ে এসেছে। প্রতিটি শিশু স্কুলে যেতে পারছে।

ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতি হিসাবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন স্মারক ‘শান্তি বৃক্ষ’। প্রধানমন্ত্রী এটি বাংলাদেশ ও বিশ্বের সব কন্যাশিশু ও নারীদের প্রতি উৎসর্গ করেন।

শেখ হাসিনা বলেন, “আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসি তখন সাক্ষরতার হার ছিল ৪৫ শতাংশ। সেটাকে ২০০১ সালে আমরা ৬৫ ভাগে নিয়ে যাই। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামায়াত সরকার সেই অর্জন ধরে রাখতে ব্যর্থ হয। ২০০৬ সালে সাক্ষরতার হার ৪৪ শতাংশে নেমে আসে।”

শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ২০১১ সালের মধ্যেই বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছি। আমরা প্রতি বছরের প্রথম দিন প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছি।”

তিনি বলেন, “রূপকল্প ২০৪১-এর ভিত্তিতে একটি উন্নত, সুশিক্ষিত ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের সোপান রচনায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এই কর্মযজ্ঞে নারী ও মেয়ে শিশুরা সব সময়ই আমাদের বিবেচনার অগ্রভাগে থাকবে।”

যুক্তরাষ্ট্র, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, ইকুয়েডর ও বুর্কিনা ফাসো এই ছয় দেশের সাতজনকে এ অনুষ্ঠানে ‘ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার-২০১৪’ দেয়া হয়।