তেজগাঁও শিল্পাঞ্চল রূপান্তরের আগে হবে মহাপরিকল্পনা
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাকে শিল্পের পাশাপাশি বাণিজ্যিক ও আবাসিক এলাকা হিসাবে গড়ে তোলার আগে একটি মহাপরিকল্পনা করবে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাকে রূপান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “তেজগাঁও শিল্পাঞ্চলকে রূপান্তরের আগে একটি মহাপরিকল্পনা নেয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি ওই মহাপরিকল্পনা পর্যালোচনা করে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন।”
প্রধানমন্ত্রীর অনুমোদনের পরেই তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাকে শিল্পের পাশাপাশি বাণিজ্যিক ও আবাসিক এলাকা হিসাবে রূপান্তর করা হবে বলে জানান সচিব।
মোশাররাফ জানান, নবম সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তেজগাঁও শিল্পাঞ্চলের প্রধান সড়কসহ অন্য সড়কের পাশের প্লটগুলোকে শিল্পের পাশাপাশি বাণিজ্যিক প্লটে রূপান্তরের এই সুপারিশ করে।
ওই সুপারিশসহ স্থানীয় সাংসদ এবং তেজগাঁও শিল্প মালিক কল্যাণ সমিতির আবেদন পর্যালোচনা করতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি করা হয়।
ওই কমিটির সুপারিশসহ আরো একটি কমিটির মতামত নিয়ে ১৩টি শর্তে তেজগাঁও শিল্পাঞ্চলকে শিল্পের পাশাপাশি বাণিজ্যিক এলাকা ঘোষণার জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত চায় পূর্ত মন্ত্রণালয়।
মোশাররাফ জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তেজগাঁও শিল্পাঞ্চলে ভারি ও শ্রমঘন শিল্প কারখানা থাকবে না।
“প্রধানমন্ত্রী বলেছেন, অবশ্যই এটা পরিকল্পিতভাবে করতে হবে, নইলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।”
সচিব জানান, রূপান্তরিত এলাকায় কতটুকু আবাসিক এলাকা হবে তাও মহাপরিকল্পনায় থাকবে। ঢাকার জলাশয় রক্ষায় তৈরি ‘ডিটেইল এরিয়া প্ল্যান’ যাতে ক্ষতিগ্রস্ত না হয়- সে বিষয়টিও দেখা হবে। সেখানে এমন সব শিল্প থাকবে যেন সব মিলিয়ে সহাবস্থান সম্ভব হয়।
১৯৫০ এর দশকে জমি অধিগ্রহণ করে ৫০০ একর ২০ শতাংশ জায়গার ওপর তেজগাঁও শিল্পাঞ্চল গড়ে তোলা হয়। সেখানে বর্তমানে ৪৩০টি প্লট থাকলেও ভারি শিল্প প্রতিষ্ঠান নেই।
পরিবর্তনশীল অবস্থার প্রেক্ষাপটে ১৯৯৮ সালে তেজগাঁও-গুলশান সংযোগ সড়ককে ‘বাণিজ্যিক সড়ক’ ঘোষণা করে সরকার।
ফিলিপাইনে ভিসা অব্যাহতি
কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি দিতে ফিলিপাইনের সঙ্গে করা চুক্তিতে অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এর ফলে বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৩০ দিনের জন্য ফিলিপাইনে ঢুকতে এবং সেখান থেকে অন্য দেশে যেতে পারবেন বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
তিনি বলেন, ফিলিপাইনের কর্মকর্তাদের বাংলাদেশে আসার ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। কর্তৃপক্ষ রাজি হলে ভিসার মেয়াদ বাড়ানো যাবে।
তবে কোনো দেশ অভ্যন্তরীণ গোলযোগ, নিরাপত্তা ও মহামারিসহ বিশেষ ক্ষেত্রে এই ভিসা অব্যাহতির সুবিধা স্থগিত রাখতে পারবে বলেও জানান সচিব।
২০১২ সালের ৩ জুলাই ফিলিপাইনের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতির চুক্তির বিষয়টি অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বর্তমানে ১২টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। আরো ১৯টি দেশের সঙ্গে এ চুক্তি করতে আলোচনা চলছে বলে মোশাররাফ জানান।
মাদকবিরোধী দিবস
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসকে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মাদকের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে প্রতি বছর ২৬ জুন আন্তর্জাতিকভাবে এই দিবস পালন করা হয়।
মোশাররাফ বলেন, “কোন দিবস কতটুকু গুরুত্বের সঙ্গে পালন করা হবে তা নির্ধারণে বিভিন্ন দিবসের ক্যাটাগরি নির্ধারণ করে সরকার। বাংলাদেশে বিভিন্ন দিবসকে চারটি (ক, খ, গ, ঘ) ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কোনো দিবসের ক্যাটাগরি পরিবর্তন করতে মন্ত্রিসভার অনুমোদন নিতে হয়।”
বর্তমানে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, দুই ঈদ, ঈদ-ই মিলাদুন্নবী, বাংলা নববর্ষ, দূর্গাপুজা, মে দিবস এবং নজরুল ও রবীন্দ্র জয়ন্তী ‘ক’ শ্রেণিতে রয়েছে।
