২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিকের পাশাপাশি আবাসিকও হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চল

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাকে বাণিজ্যিক ও আবাসিক এলাকা হিসাবে ঘোষণার পদক্ষেপ নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:31 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

চট্টগ্রামের সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে রোববার সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, “তেজগাঁও শিল্পাঞ্চলকে শিল্প কাম বাণিজ্যিক কাম আবাসিক এলাকা হিসাবে ঘোষণার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

মন্ত্রী জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রধান সড়কসহ অন্য সড়কের পাশের প্লটকে শিল্পের পাশাপাশি বাণিজ্যিক প্লটে রূপান্তরে নবম সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ রয়েছে।

ওই সুপারিশসহ এই এলাকার বর্তমান সংসদ সদস্য এবং তেজগাঁও শিল্প মালিক কল্যাণ সমিতির আবেদন পর্যালোচনায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।

এই কমিটি শর্ত সাপেক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাকে শিল্পের পাশাপাশি বাণিজ্যিক এলাকা হিসাবে ঘোষণার বিষয়ে মতামত দিয়েছে বলেও জানান মন্ত্রী।

কমিটির মতামতের ভিত্তিতে কনভার্শন ফি আদায় সাপেক্ষে তেজগাঁও শিল্প এলাকাকে শিল্পের পাশাপাশি বাণিজ্যিক এলাকায় রূপান্তরের বিষয়ে সিদ্ধান্তের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে বলে জানান মোশাররফ।

কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যারা প্লট বরাদ্দ নিয়ে ফেলে রেখেছেন এবং অন্যকাজে ব্যবহার করছেন তাদের নোটিশ দেয়া হয়েছে।

তেজগাঁও-গুলশান সংযোগ সড়ক বাণিজ্যিক সড়ক হিসাবে ঘোষণা করায় এই সড়কের প্লটগুলো যথাযথ কনভার্শন ফি আদায় সাপেক্ষ বাণিজ্যিক কিংবা শিল্পের পাশাপাশি বাণিজ্যিক প্লট হিসাবে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান পূর্তমন্ত্রী।