২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বোমা হামলার আসামি গ্রেপ্তার

সারাদেশে ১৭ অগাস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত এক পলাতক আসামিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 01:38 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

গ্রেপ্তার জেএমবি সদস্য সগীর হোসেন ভূঁইয়া (৪০) ওই ঘটনায় দায়ের করা একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশে একযোগে বোমাহামলা চালিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় জঙ্গি সংগঠন জেএমবি। এ দলটি পরে নিষিদ্ধ হয়, ফাঁসি হয় শীর্ষনেতাদের।

র‌্যাব-১ এর অপারেশন অফিসার কামরুল হাসান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশব্যাপী গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় সগীরও আসামি। রোববার রাতে তাকে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”

উত্তরায় র‌্যাব-১ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, সগীর ২০০৫ সালের ১৭ অগাস্ট বিমানবন্দর টার্মিনাল এলাকায় বোমা হামলায় ‘প্রত্যক্ষভাবে’ জড়িত ছিলেন। ওইদিনই বিমানবন্দর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা হয়। পরে অভিযোগপত্রেও তাকে ৩ নম্বর আসামি করা হয়।

একই দিনে গুলশান-১ এর স্টার ওয়াচ ও ইসলামি মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এবং গুলশান-২ এ বিলকিস টাওয়ারের সামনে বোমা বিস্ফোরণের মামলাতেও সগীর আসামি বলে জানান তিনি। 

“সগীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, এতোদিন তিনি গাজীপুর, তুরাগ ও ভাটারা এলাকায় আত্মগোপনে ছিলেন। পরিচয় গোপন রেখে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় কাঁচামালের ব্যবসা করে আসছিলেন। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়নের চাকরিও তিনি করেছেন।”

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জঙ্গি দমনে র‌্যাবের প্রতিটি দপ্তরে একটি বিশেষ দল কাজ করে। তারা সগীরের অবস্থান জানতে পেরে তাকে গ্রেপ্তারে সহায়তা করেছে।”

র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মুহাম্মদ মাসুদ জানান, জেএমবি আবারও সক্রিয় হচ্ছে কি-না, আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততা আছে কি-না, কোনো নাশকতার পরিকল্পনা চলছে কি-না, এসব বিষয়ে তারা সগীরের কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩টি জেলায় জেএমবির ওই বোমা হামলায় সারাদেশে ২ জন নিহত ও ৫০ জন আহত হন। ওই ঘটনায় ১৬১টি মামলা হয়, যার ১০২টির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

এসব রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড ও ১১৮ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে ৯৯ জনকে।

পুরনো খবর:

কর্মী বাড়িয়ে সংগঠিত হওয়ার চেষ্টায় জঙ্গি দলগুলো