সড়কের কাজ শেষ হয়নি, বিল পাওয়া সারা
একটি সড়কের মেরামত কাজ শেষ না হলেও ঠিকাদারের বিল অনুমোদন করেছে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ।
২০১৩-১৪ অর্থ বছরে বরিশাল (দিনারেরপুল) লক্ষ্মীপাশা-দুমকী সড়কের এইচ বিবি ২৯ কিলোমিটার থেকে ৩০ কিলোমিটার অংশে ১ কিলোমিটার সড়কের উন্নয়নে দরপত্র আহ্বান করা হয়েছিল।
৪৯৩৬-৩৩-পিরিওডিক ম্যানটেনেন্স রোডস এন্ড ব্রীজ প্রকল্পে সওজর পিআরডি নং-১ টেন্ডারের প্যাকেজ-১ এর কাজ পায় মেসার্স নাজমুস শাহদাত ট্রেডার্স।
পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী গত ৯ মার্চ ওই প্রতিষ্ঠানকে দরপত্র মূল্য বরাদ্দে ২৯ লাখ ৭ হাজার ১৮৫ টাকায় কার্যাদেশ দেন।
ওই সড়কের হাল দেখতে শনিবার গিয়ে দেখা যায়, সড়কের ৫০ ভাগ কাজ সম্পন্ন করে উধাও হয়ে গেছে ঠিকাদার ও তার লোকজন।
কাজ শেষ না করলেও ঠিকাদারকে সমুদয় অর্থ পরিশোধ করা হয়েছে বলে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের স্বাক্ষরকৃত নথিতেই দেখা যায়।
তাতে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান নাজমুস শাহাদাতের অনুকূলে ২৮ লাখ ৯৯ হাজার টাকার বিলের চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে।
১৪৪৪ নং মেজরমেন্ট বুকের ৮০ থেকে ৮৬ পৃষ্ঠায় কাজের ভুয়া তালিকা তৈরি করে বরাদ্দকৃত পুরো টাকার চেকই প্রতিষ্ঠানটি পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
সড়কের কাজটি অসমাপ্ত রয়েছে স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ নাজমুস শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজ শেষ না হয়ে থাকলেও তার কোনো দায়-দায়িত্ব নেই।
“ওই কাজ আমার প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ ঠিকই, কিন্তু কাজটি করছেন মঞ্জু মিয়া নামের একজন ঠিকাদার।”
কাজ শেষের পূর্বে চূড়ান্ত বিল দিয়ে থাকলে বিষয়টির দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি করে শাহাদাত বলেন, “কাজটির অনুকূলে মঞ্জু মিয়ার দেয়া চুক্তিপত্র আমার কাছে রয়েছে। আর কাজটি শেষের আগে বিল নিয়ে থাকলে মঞ্জু মিয়া ও অফিস বুঝবেন।”
এ বিষয়ে জানতে ফোন করা হলে সওজ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সব প্রশ্ন কৌশলে এড়িয়ে যান।
“আসেন, আপনি অফিসে আসেন। আপনি তো ওই সড়কের কাজ সম্পর্কে সবকিছুই জানেন। আমি (প্রকৌশলী) আপনার কাছ থেকে ওই সড়কের তথ্য সম্পর্কে জানব-শুনব। ”
বিষয়টি জানানো হলে পটুয়াখালী সওজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রবিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজ শেষ না করা পর্যন্ত যদি চূড়ান্ত বিল দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সংশ্লিষ্টদের অন্যায় হয়েছে।”
চুক্তি অনুযায়ী সড়কের কাজটি অসম্পন্ন রেখে চূড়ান্ত বিল পরিশোধ করা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
