২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কী হত্যা: জজ আদালতেও টিপুর জামিন নাকচ

ঢাকার যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কী হত্যা মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুর জামিন আবেদন সিএমএম আদালতের পর জজ আদালতেও নাকচ হয়ে গেছে। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাকিয়া পারভিন আবেদন নামঞ্জুর করেন।

টিপুর আইনজীবী গাজী জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২০ অগাস্ট টিপু ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

শুনানি শেষে মহানগর আনোয়ার ছাদাত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

গত ২ সেপ্টেম্বর  মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিকুর রহমান ১০ দিন হেফাজতে নিয়ে টিপুকে জিজ্ঞাসাবাদের আবেদন করলে শুনানি শেষে তা নাকচ করে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়।

মিল্কী হত্যা মামলার অভিযোগপত্রে জাহিদুল ইসলাম টিপুর নাম ছিল না। অভিযোগপত্রের বিষয়ে বাদীপক্ষের নারাজি আবেদনের পর তার নাম অন্তর্ভুক্ত হয়।

একই মামলায় গত ৬ অগাস্ট  আমিনুল এহসান বাবু ওরফে ডিশ বাবুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত বছরের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণি বিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মিল্কীকে গুলিতে হত্যা করা হয়।

বিপণিবিতানের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে মিল্কীর এক সময়ের সহযোগী যুবলীগের আরেক নেতা জাহিদ সিদ্দিকী তারেকসহ ভাড়াটে খুনিরা তাকে হত্যা করে বলে নিশ্চিত হয় পুলিশ।

হত্যার ঘটনায় মিল্কীর ভাই রাশেদুল হক খান গুলশান থানায় এজাহারনামীয় ১১ জন এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে মামলা করেন।

ঘটনার পরদিনই তারেকসহ ৭ জনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পর র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যান তারেক।

এই মামলায় ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।