২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ, অবরোধ

সড়কে চলাচলের অনুমতির দাবিতে চট্টগ্রামের প্রবেশমুখ সিটি গেইট এলাকা প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশ প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন ব্যাটারিচালিত রিকশা চালক ও মালিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 04:01 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

কয়েক হাজার চালক-মালিক রোববার সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর সিটি গেইট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমের বাসভবনের সামনের অবস্থান নিতে শুরু করেন।

সিটি গেইট থেকে কর্নেল হাট পর্যন্ত এলাকায় তাদের এই অবরোধের কারণে বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কার্যত বন্ধ হয়ে যায়।

সড়কের উভয়পাশে এ সময় দীর্ঘ যানজট তৈরি। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রী ও পথচারীদের।

ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও এ সময় তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এদিকে বেলা ১২টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় ব্যাটরিচালিত রিকশা চালক ও মালিকদের একটি মিছিল থেকে যানবাহন ভাংচুর করা হয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলের এক পর্যায়ে চালক-মালিকরা সেতুর গোড়ায় বাস ও অন্যান্য যানবাহন ভাংচুর শুরু করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ভাংচুর শুরু করলে সেতু এলাকায় সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে। এ সময় প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে।

অবরোধ চলাকালে কাট্টলী এলাকায় নিজের বাসায় মেয়র মনজুর আলম সাংবাদিকদের বলেন, “এ পর্যন্ত নগরীতে ৭০ হাজার সাধারণ রিকশার লাইসেন্স দিয়েছে সিটি কর্পোরেশন। কিন্তু ব্যাটারিচালিত রিকশার বিষয়ে আমাদের কোনো এখতিয়ার নেই।”

এরপর বেলা সাড়ে ১২টার দিকে মেয়রের বাসভবনেই পুলিশ এবং শ্রমিকলীগ নেতাদের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশা চালক ও মালিকদের বৈঠক বসে।

বৈঠকের মাঝেই টেলিফোনে চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সোমবার দুপুরে দাবির বিষয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেন ব্যাটারিচালিত রিকশা মালিকরা। 

গত ৩১ অগাস্ট থেকে বন্দরনগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এরপর থেকেই চালক ও মালিকরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।