মালিকদের ‘বেশি লোভে’ নৌযান দুর্ঘটনা: প্রধানমন্ত্রী
নৌপথকে দুর্ঘটনামুক্ত করতে নৌযানের নকশা প্রণয়নে প্রযুক্তিগত বুদ্ধি কাজে লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মালিকদের অধিক মুনাফা করার প্রবণতা বেশিরভাগ দুর্ঘটনার জন্য দায়ী।
রোববার সকালে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় পরিদর্শনে আসেন শেখ হাসিনা।
এ সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী বলেন, “ছোটো-খাটো বাতাসে লঞ্চ ডুবে যাবে এটা তো হতে পারে না। সেদিকে লক্ষ্য রেখে ডিজাইনটা এমন হওয়া উচিৎ যাতে যেকোন অবস্থায় এটা ভাসমান থাকতে পারে।”
“আমাদের যত নৌযান আছে; এগুলো তৈরি করার সময় সঠিক ডিজাইন করা উচিৎ। ঝড় এলে কিভাবে নদীতে টিকে থাকবে মাথায় না রেখে, শুধু পয়সার কথা মাথায় রেখে বেশি করে কেবিন বানানো, বেশি করে যাত্রী নেয়া; এগুলো করতে যেয়েই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়।”
এ জন্য নৌযানের সঠিক নকশা নিশ্চিত করার পাশাপাশি চালকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে নির্দেশ দেন তিনি।
সম্প্রতি মাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, “ওই ঘটনা খুবই দুঃখজনক। চোখের সামনে দেখা যাচ্ছে অথচ মানুষগুলো বাঁচতে পারছে না। নিশ্চয়ই সেখানে কোন লাইফবয়া ছিল না, নিজেদের রক্ষার কোন ব্যবস্থা ছিল না।”
ব্যবসা-বাণিজ্যের প্রসারে নৌপথকে কাজে লাগানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা শুধু ঢাকাভিত্তিক বা চট্টগ্রামভিত্তিক না, সমগ্র বাংলাদেশভিত্তিক আমরা শিল্প-কলকারখানা গড়ে তুলতে চাই। উৎপাদিত পণ্যের বাজারজাত বা রপ্তানি করতে হলে অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে নদী পথই হলো সব থেকে গুরুত্বপূর্ণ। অল্প খরচে, নিরাপদে পণ্য পরিবহন করা যাবে।”
বাংলাদেশের অবস্থান ব-দ্বীপে হওয়ায় পলি অপসারণ করে নাব্যতা ধরে রাখার জন্য প্রতিটা নদীতেই ক্যাপিটাল ড্রেজিং করারও নির্দেশ দেন তিনি।
এ সময় শেখ হাসিনা তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে তার সরকারের সময় পশুর নদী খনন করে মংলা বন্দরকে সচল করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে মংলা বন্দর বন্ধ হয়ে যায়। বর্তমানে মংলা বন্দরকে আবার সচল করা হয়েছে।
নদী দূষণ ও দখল রোধে ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, “কেউ যেন নদীর পাড় দখল করে সেগুলো অপব্যবহার না করে সেটা দেখতে হবে। আর দূষণটাও। বুড়িগঙ্গায় যাওয়ার পর আমার কান্নাই পাচ্ছিলো যে, এই বুড়িগঙ্গা দিয়ে বহুবার স্টিমারে যাতায়াত করেছি। সেই নদী মরে পচা দুর্গন্ধ বের হচ্ছে। এটা আমাদের জন্য সত্যিই দুঃখজনক এবং কষ্টকর।”
বুড়িগঙ্গার মত অবস্থা যেন অন্য নদীগুলোর না হয় সেদিকে দৃষ্টি দিতেও বলেন তিনি।
শেখ হাসিনা জানান, ঢাকার চারপাশের বালু, তুরাগ, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর নাব্যতা বাড়ানো ও দূষণমুক্ত করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।
