২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে যান চলাচল বন্ধ

স্কুল শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বাস ভাংচুর করার প্রতিবাদে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 02:15 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় তাঁত শিল্পের এলাকা বলে পরিচিত জেলার চারটি উপজেলার কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, উপজেলার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার বিকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস ভাংচুর করেছে।

“এর প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে ওই সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।”

শনিবার সকালে বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিনকে একটি বাসের সুপারভাইজার লাঞ্ছিত করার খবর ছড়িয়ে পড়লে ওই স্কুলের শিক্ষার্থীরা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।

পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিধিদের বিচারের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরে ওই সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হলে বিকালে হঠাৎ করে বাস ভাংচুর করে শিক্ষার্থীরা।

মটর শ্রমিক ইউনিয়নের নেতা আনছার বলেন, রোববার দুপুরে পরিস্থিতি নিয়ে মালিক-শ্রমিক নেতাদের যৌথ বৈঠক হবে। এর আগে বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে বৈঠক থেকে জেলার সব রুটে বাস বন্ধের সিদ্ধান্ত হতে পারে।