২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালন কমপ্লেক্স নির্মাণ ভুল ছিল: ওবায়দুল কাদের

কুষ্টিয়ার কুমারখালিতে বাউল সম্রাট লালন শাহের আখড়ায় আধুনিক কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 08:57 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

লালন স্মরণ উৎসব ও লালন পরিষদ কেন্দ্রীয় সংসদের ৪০ বছর পূর্তির এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “লালন কমপ্লেক্স নির্মাণের ফলে লালন তার স্বকীয়তা হারিয়েছে।”

শনিবার দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের, যিনি ১৯৯৭ সালে যুব, ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী থাকার সময় ‘আধুনিক’ ওই কমপ্লেক্সটি নির্মাণ হয়। 

কুমারখালির ছেউরিয়ায় লালনের স্মৃতিবিজরিত আখড়ায় সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে লালন কমপ্লেক্স নির্মাণের প্রকল্প হাতে নেয়ার পর বিভিন্ন সংগঠন ও বাউলরা বিরোধিতা করে আন্দোলনে নেমেছিল ।

কিন্তু তাদের মতামতের তোয়াক্কা না করেই লালনের আখড়ার মূল চত্বরেই একটি অত্যাধুনিক মিলনায়তন, জাদুঘর ও অতিথিশালাসহ চারতলা ভবন নির্মাণ করা হয়।

লালনের স্মৃতিবিজড়িত কালীগঙ্গা নদীটিও ভরাট করে বানানো হয় উন্মুক্ত মঞ্চ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ওবায়দুল কাদের বলেন, “অনেক লালন ভক্ত ‘লালন কমপ্লেক্স’ নির্মাণের বিরোধিতা করেছিলেন। কিন্তু তাদের বিরোধিতা উপেক্ষা করেই আমি কমপ্লেক্স নির্মাণ করেছিলাম। আসলে সিদ্ধান্তটা ভুল ছিল।

“এর ফলে লালন তার স্বকীয়তা হারিয়েছে। লালনের সীমানা অনেক দূর, তাকে একটি কমপ্লেক্সে বন্দি করে রাখা উচিত নয়।

লালনের স্বকীয়তা ধরে রাখতে তার নিজস্বতাকে ক্ষুণ্ন না করেই লালন কমপ্লেক্সকে ঢেলে সাজানো দরকার বলে মন্তব্য করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “লালনকে বাঁচিয়ে রাখতে হলে লালন শিল্প-সঙ্গীত ও এর সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের বাঁচিয়ে রাখতে হবে।”

এদিকে পদ্মা সেতু নির্মাণ কাজের কার্যাদেশ আগামী এক মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না সাইনো হাইড্রো কর্পোরেশনকে এই কার্যাদেশ দেওয়া হবে বলেও এসময় জানান তিনি।

অধ্যাপক বেগম জাহান আরা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, বাংলা একাডেমীর উপ-পরিচালক তপন বাগচী ও সংসদ সদস্য আব্দুর রউফ।