২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞানী কসটাস ইলিওপৌলুস ঢাকায়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে পরবর্তী প্রজন্মের বায়োলজিক্যাল সিকোয়েন্স গবেষণা নিয়ে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে কিংস কলেজ অব লন্ডন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 08:48 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

শনিবার বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান কিংস কলেজ অব লন্ডন অ্যালগরিদম বিভাগের প্রধান অধ্যাপক কসটাস ইলিওপৌলুস।

কিংস কলেজ ও বুয়েটের মধ্যে পারস্পরিক সহায়তার ভিত্তিতে শুরু হওয়া প্রকল্প ‘এ্যাডভান্সেস ইন এ্যালগরিদম ফর নেক্সট জেনারেশন বায়োলজিক্যাল সিকোয়েন্স’ এ যোগ দিতে বিশ্বখ্যাত এ কম্পিউটার বিজ্ঞানী গত ৩ সেপ্টেম্বর পাঁচদিনের সফরে ঢাকায় এসে পৌঁছান।

৮ সেপ্টেম্বর তার লন্ডন ফিরে যাওয়ার কথা রয়েছে। প্রকল্পটিতে কিংস কলেজ অব লন্ডনের দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। বুয়েট দলটির নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক সোহেল রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথমবার ঢাকায় এসেছি। ঘুরেছি, এখানকার মানুষ, সংস্কৃতি ভালো লেগেছে।”

“ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে আমাদের একটি প্রজেক্ট চলছে, অ্যানালাইসিস অফ ডিএনএ সিকোয়েন্সিং। বুয়েট ও লন্ডনে আমরা দুটো দল করেছি। এ দুটো দল ডিএনএ সিকোয়েন্স নিয়ে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করবে।”

ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে প্রকল্পটিতে বুয়েট এবং কিংস কলেজ কাজ করছে, যার উদ্দেশ্য হলো তথ্য সংগ্রহ করে সেগুলো দিয়ে ডিএনএ সিকোয়েন্স তৈরি করা।

অধ্যাপক কসটাস বলেন, “আমরা প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ করেছি, আমরা এখনো জানি না কীভাবে এগুলো প্রসেস করা হবে। আগের যে মেথডগুলো ছিলো সেগুলো দিয়ে এতো পরিমাণে ডাটা প্রক্রিয়া করা অত্যন্ত দুরূহ কাজ।

“আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই তথ্যগুলো দিয়ে ডিএনএ সিকোয়েন্সিং তৈরি করা। আর এ জন্য আমরা বুয়েটের সাথে একটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছি। আমরা ভুট্টার বিভিন্ন ভাইরাস নিয়ে কাজ করছি। এছাড়াও আমরা বারকোলাইসিস নামে একটি রোগ নিয়েও কাজ করছি।”

বুয়েট দলটির প্রশংসা করে তিনি বলেন, “বুয়েটের দলটি বেশ ভালো। তাদের অনেকে প্রোগ্রামিংয়ে খুব ভালো, অ্যালগরিদমের ওপরেও তারা বেশ দক্ষ।”

আবারও বাংলাদেশে আসতে চেয়ে এই বিজ্ঞানী বলেন, “ডিসেম্বরেই আবার আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশি দল আগামী ফেব্রুয়ারিতে লন্ডনে আসছে এজন্য আসবো না।

“তবে আমি আগামী বছর অস্ট্রেলিয়া যাওয়ার সময় পুনরায় বাংলাদেশে আসতে চাই, তবে এখনই বলতে পারছি না কখন আসবো।”

বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক সময় কোরিয়া, মালয়েশিয়া থেকে আমাদের দেশে ছাত্ররা পড়তে আসতো। এখন আমাদের দেশ থেকে যায়। এর থেকেই আমাদের দেশের শিক্ষার অবস্থা বিবেচনা করা সম্ভব।

“কোন এক সময় ছিল যখন আমাদের দেশের বিজ্ঞানীদের নাম আন্তর্জাতিক জার্নালগুলোতে দেখা যেত। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণাধর্মী কোন কাজ হয় না।”

তিনি বলেন, “নিজেরা নিজেরা গবেষণা করে আত্মতৃপ্তিতে ভোগার দিন শেষ। উন্নত দেশের স্কলারদের সাথে কাজ করলে ছাত্ররা নতুন নতুন জিনিস শিখতে পারবে। আমার মনে হয় এ প্রজেক্টটি এ দিক থেকে সুফল বয়ে আনবে।”

ঢাকায় অবস্থানকালে প্রকল্পটির বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরে বেশ কয়েকটি সেমিনারে অংশ নেন কম্পিউটার বিজ্ঞানের ‘জীবন্ত কিংবদন্তী’ হিসেবে পরিচিত অধ্যাপক কসটাস।

বৃটিশ নাগরিক কসটাস ‘জার্নাল অব ডিসক্রেট এ্যালগরিদমস’ এবং ‘জার্নাল অব কম্পিউটার ম্যাথমেটিকস এন্ড কম্বিন্যাশনাল কমপিউটিং’ নামে দুটি আন্তর্জাতিক জার্নালের সম্পাদনা করেন। ডিজাইন অ্যান্ড এ্যানালাইসিস অফ স্ট্রিং অ্যালগোরিদমস, অ্যালগোরিদমস ফর মিউজিক অ্যানালাইসিস, অ্যালগোরিদমস ফর মলিকিউলার সিকোয়েন্স, ডাটা কম্প্রেশন অ্যান্ড কমপ্রেসড ম্যাচিং, অ্যালগরিদম ইঞ্জিনিয়ারিং ফর মিউজিক অ্যান্ড বায়োলজিক্যাল সিকোয়েন্স, ভ্যালিডেশন অ্যান্ড ডিকম্পোসিশন অফ পার্সিয়ালি অকলুডেড ইমেজেস বিষয়ে গবেষণা রয়েছে এই বিজ্ঞানীর। কসটাস ১৯৮১ সালে ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতোকোত্তর (বাই রিসার্চ) এবং ১৯৮৩ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।