২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ইপিজেডে সাড়ে ৩৯ লাখ টাকা ‘চুরি’

নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কারখানার সিন্ধুক ভেঙে সাড়ে ৩৯ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 08:23 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শুক্রবার রাতে মাজেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি চশমার ফ্রেম তৈরির কারখানায় চুরির ঘটনাটি ঘটে বলে জানান প্রতিষ্ঠানটির ম্যানেজার আলমগীর হোসেন অপু।

তিনি বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য মঙ্গলবার ব্যাংক থেকে ৫৭ লাখ ৪৩ হাজার উত্তোলন করা হয়। বুধবার থেকে পর্যায়ক্রমে শ্রমিকদের বেতন পরিশোধ করা হচ্ছিল।

“শনিবার সকালে অফিস খোলার পর সিন্ধুক (লকার) ভাঙা দেখতে পাই। সিন্ধুকে রাখা কারখানার শ্রমিকের পে-স্লিপসহ বেতনের ৩৯ লাখ ৫১ হাজার ২২ টাকা না পেয়ে পুলিশে খবর দেই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান, এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।