রাষ্ট্রপতির সঙ্গে জাপানি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফর দুই দেশের অর্থনেতিক সম্পর্ক আরো জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার সন্ধ্যায় শিনজো আবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে আবদুল হামিদ এ আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের শীর্ষ বৈঠকের পর বঙ্গভবনে পৌঁছালে জাপানি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি বলেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এবং জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে।”
জাপানের ৬০০ কোটি ডলার সহায়তার ঘোষণায় বাংলাদেশের জনগণ খুশি বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাপানের জনগণের সহযোগিতার কথা স্মরণ করে বিদেশি বন্ধু হিসেবে জাপানিদের সম্মাননা দেয়ার কথাও বলেন।
রাষ্ট্রপতি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের পরপরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাপান সহায়তা শুরু করে।”
স্বাধীনতা অর্জনের পরপরই ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে জাপান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার কথাও রাষ্ট্রপতি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি এসময় শিনজো আবের মাধ্যমে জাপানের সম্রাট আকিহিতোকে শুভেচ্ছা জানান এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। দুই দেশের মধ্যে উন্নয়নের নিবিড় অংশীদারিত্ব রয়েছে।
তার সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের সফরের কথা উল্লেখ করে শিনজো আবে বলেন, “জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।”
শিনজো আবে তাকে রয়েল বেঙ্গল টাইগার উপহার দেয়ার কথা জানিয়ে বলেন, “জাপানের জনগণ রয়েল বেঙ্গল টাইগারকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।”
পরে জাপানের প্রধাননমন্ত্রী বঙ্গভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পররাষ্ট্র সচিব শহীদুল হক, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদাশিমোসহ বঙ্গভবনের কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।
