সিলেটে পরিবহন শ্রমিক খুন
সিলেটের জৈন্তাপুরে প্রতিপক্ষের হামলায় আহত সিলেট জেলা অটো-টেম্পু-ইমা-লেগুনা চালক সমিতির এক নেতার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদিনের মৃত্যু হয়।
জয়নাল আবেদিন সমিতির দরবস্ত বাজার শাখার কোষাধ্যক্ষ ছিলেন। শুক্রবার রাতে তার উপর হামলা হয়েছিল।
সিলেট জেলা অটো-টেম্পু-ইমা-লেগুনা চালক সমিতি দরবস্ত বাজার শাখার নবনির্বাচিত সভাপতি পংকি মিয়া জানান, সম্প্রতি অটো-টেম্পু-ইমা-লেগুনা সমিতির নির্বাচন নিয়ে দুটি পক্ষ তৈরি হয়।
৪ সেপ্টেম্বর তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। ওইদিন বিকালে আগের কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরও করে।
পংকি মিয়া আরো জানান, শুক্রবার রাতে ১১টার দিকে নতুন কমিটির বৈঠক চলাকালে স্থানীয় আব্দুল হক মেম্বারের লোকজন আচমকা বৈঠকে হামলা চালায়।
হামলাকারীরা সমিতির কোষাধ্যক্ষ জয়নাল আবেদিনকে কুপিয়ে আহত করে। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পংকি মিয়ার অভিযোগ, স্থানীয় মেম্বার আব্দুল হকের প্ররোচণাতেই সমিতির অপরপক্ষ নির্বাচনে আসেনি।
জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, দুপক্ষের দ্বন্দ্বের জেরে হামলায় জয়নাল মারা গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
