২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্ডিত রামকানাই দাশের অবস্থা ‘সংকটাপন্ন’

গুরুতর অসুস্থ সংগীতজ্ঞ ও লোকসংগীত সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশের অবস্থার অবনতি হয়েছে। গত সপ্তাহে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এই শিল্পী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 10:33 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

পুরনো খবর:

পণ্ডিত রামকানাই দাশের মস্তিষ্কে অস্ত্রোপচার

বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার অধীনে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

অধ্যাপক কনক জানান, রামকানাই দাশের অবস্থা আশঙ্কাজনক। তার ডান দিকের ফুসফুস নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। আগে হৃদযন্ত্রের সমস্যা ছিল। আর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জটিলতাতো আছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই চিকিৎসক বলেন, “শরীরের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ আক্রান্ত হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। কম বয়েসীরাই এই তিন সমস্যা একসঙ্গে নিয়ে টিকতে পারেন না। তার বয়সতো অনেক বেশি।” 

রামকানাইয়ের ছেলে পিনু সেন দাশ জানান, এক সপ্তাহে তার বাবার অবস্থার অবনতি হয়েছে। তবে চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার অবস্থা সংকটাপন্ন। এখন বড় সমস্যা হলো নিউমোনিয়া। তার হৃদযন্ত্রও দুর্বল হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় তার রক্তচাপ ওঠানামা করছে।”

গত ২৬ অগাস্ট সিলেটের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে রামকানাইকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। পরদিন তাকে নিয়ে আসা হয় ঢাকায়।

মস্তিষ্কে রক্তক্ষরণ বেড়ে গেলে ৩০ অগাস্ট মেট্রোপলিটন হাসপাতালে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পণ্ডিত রামকানাই দাশের জন্ম ১৯৩৫ সালে, সুনামগঞ্জ জেলায়। লোকসংগীত সংগ্রহে অবদানের জন্য ২০১৪ সালে সরকার তাকে একুশে পদক ভূষিত করে।

অবশ্য ‘অসততার’ অভিযোগ এনে রামকানাই দাশকে ওই পুরস্কার না দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন সিলেটের সাংস্কৃতিক কর্মীদের একটি অংশ।

তাদের অভিযোগ ছিল,‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’ ও ‘বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়া যাবি’সহ অন্যের লেখা বা সুর করা বেশ কিছু গান রামকানাই দাশ তার বইয়ে নিজের বলে চালিয়ে দিয়েছেন।

এ অভিযোগে সিলেটের আরেক লোকসংগীত শিল্পী ও সুরকার বিদিত লাল দাসের করা এক মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর সিলেটের সিনিয়র সহকারী জজ নাজিয়া নাহিদ ওস্তাদ রামকানাই দাসের লেখা ‘সঙ্গীত ও আমার জীবন’ বইটির প্রচার ও প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করে।

তবে রামকানাই যে দেশের আনাচে-কানাচে হারিয়ে যাওয়া বহু লোকসঙ্গীত সংগ্রহ করে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, তা দেশের সংগীতবোদ্ধারা স্বীকার করেন।

রামকানাইয়ের বাবা রসিকলাল দাশ এবং মা দিব্যময়ী দাশও ছিলেন লোকসঙ্গীতের শিল্পী। লোকসঙ্গীতের ধারা রক্তে থাকলেও রামকানাই সেই গণ্ডি পেরিয়ে ধ্রুপদী সঙ্গীত, বিশেষ করে ‘খেয়াল’ এ মন দিয়েছিলেন। তালিম নিয়েছিলেন তবলাতেও।

গাওয়ার পাশাপাশি তিনি গান লিখছেন এবং সুর করেছেন। সেই সঙ্গে শিক্ষক হিসাবে বহু শিল্পী তৈরি করেছেন তিনি।

১৯৬৭ সাল থেকে সিলেট বেতারে নিয়মিত সংগীত পরিবেশন করে আসা রামকানাইয়ের গানের অ্যালবামগুলো হলো- ‘বন্ধুর বাঁশি বাজে’ (২০০৪); ‘সুরধ্বনির কিনারায়’ (২০০৫); ‘রাগাঞ্জলি’ (২০০৬); ‘অসময়ে ধরলাম পাড়ি’ (২০০৬) এবং ‘পাগলা মাঝি’ (২০১০)।

শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা নিয়ে ‘সরল সঙ্গীত শিক্ষা’ নামে একটি বইও লিখেছেন রামকানাই।

সংগীতে অবদানের জন্য একুশে পদক ছাড়াও ২০১২ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ‘ফেলোশিপ’ এবং ২০০০ সালে ‘রবীন্দ্র পদক’ পেয়েছেন তিনি।