কুড়িগ্রামে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি
কুড়িগ্রামে এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। এ ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ থেকে প্রণোদনা প্যাকেজ ও প্রকল্প প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এসব প্রণোদনা প্যাকেজ ও প্রকল্প প্রস্তাবের হিসাব অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামোগত ক্ষতি ৯৯২ কোটি টাকা, কৃষি বিভাগের ফসলের ক্ষতি ২৪০ কোটি ৭১ লাখ টাকা, মৎস্য বিভাগের ক্ষতি ৪১৮ কোটি ৪৫ লাখ টাকা এবং প্রাণিসম্পদ বিভাগের ক্ষতি ২ কোটি ২৭ লাখ টাকার।
এছাড়া নদী ভাঙনের শিকার হয়েছে ২ হাজার ৩১১টি পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৮০ কিলোমিটার কাঁচা ও পাকা রাস্তা, ১৯টি আশ্রয়কেন্দ্র, ২৯টি সেতু/কালভার্ট এবং ১৯৮টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, চলতি বন্যায় জেলায় বিভিন্ন বাঁধ ও অবকাঠামোর ৯৯২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সাড়ে ১৭ কিলোমিটার মারাত্মক ঝুঁকিতে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে পড়া এইসব বাঁধ মেরামতে ৪৬০ কোটি টাকা প্রয়োজন।
এসব এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত ও স্থায়ী ভাঙন রোধে ৪৬০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নেয়া যাবে বলেও জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের নর্থ ইউনিটের প্রকৌশলী আব্দুল কাদের জানান, কুড়িগ্রামের নর্থ ইউনিটে ৪৮ কিলোমিটার বাঁধের মধ্যে ৪৪ কিলোমিটার বাঁধ ঝুঁকিতে রয়েছে।
এইসব বাঁধের মেরামত ও স্থায়ী ভাঙন রোধে ৫৩২ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে।
কুড়িগ্রাম মৎস্য বিভাগের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, বন্যায় মৎস্য বিভাগের ৪১৮ কোটি ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলার ৬৭৭ দশমিক ৬ একর জলাভূমির মাছ ও ১ হাজার ৭৮৯টি পুকুরের মাছ সম্পূর্ণ ভেসে গেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ মিয়া জানান, বন্যাদুর্গত এলাকায় ১৮ লাখ গবাদি পশু-পাখি ঝুঁকিতে পড়েছে। এদের খাদ্য সংকট দেখা দিয়েছে।
বন্যাদুর্গত এলাকায় পশুসম্পদ রক্ষায় পশুর মালিকদের ক্ষতি পুষিয়ে দিতে ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার চাহিদা পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আফছার আলী জানান, চলতি বন্যায় জেলার ৩৯ হাজার ২০৩ হেক্টর জমির আমন বীজতলা, রোপা আমন, আউশ ও শাকসবজি পানিতে ডুবে যায়। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ হাজার ৩৯৫ হেক্টর জমির ফসল। এরমধ্যে রোপা আমন ৩১ হাজার ৩৯২ হেক্টর, আমন বীজতলা ৪৪৭ হেক্টর, আউশ ৩৮ হেক্টর ও শাক-সবজি ক্ষেতের ৫১৮ হেক্টর ফসল নষ্ট হয়েছে।
এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৪০ কোটি ৭১ লাখ টাকা।
জেলার এক লাখ ৮৯ হাজার ৬৩০টি চাষি পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে।
পানি নেমে যাওয়ায় প্রাথমিকভাবে কৃষকদের নাবী জাতের ধান, শাক-সবজি চাষ ও আগাম রবি শস্য বিশেষ করে সরিষা, গম, ভুট্টা মাসকালাই লাগানোর পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান তিনি।
