ঝুঁকি নিয়ে সাঁকো পার হয় শিশুরা
ফরিদপুরের আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পার হয় বিদ্যালয় সংলগ্ন বারাশিয়া নদীর উপরের বাঁশের সাঁকোটি।
স্থানীয়রা জানান, বারাশিয়া নদীর ওপারের চারটি গ্রামের শতাধিক শিক্ষার্থীর নদী পারপারের একমাত্র উপায় এ বাঁশের সাঁকো। বিদ্যালয়ের কাছের গ্রামগুলোর মধ্যে রয়েছে বোয়ালমারী উপজেলার দরি সহস্রাইল, ছত্রাকান্দা, শেখপুর ও আরাজি মাগুরা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ছুটির পর সাকোঁ পার হওয়ার সময় অনেক শিশু শিক্ষার্থী কাঁপতে কাঁপতে নদী পার হচ্ছে। আবার অনেক শিক্ষার্থী রয়েছে পারাপারের অপেক্ষায়।
এ সময় সাকোঁ পার হতে গিয়ে পূর্ণ নামের ৫ম শ্রেণির এক শিশু শিক্ষার্থী অল্পের জন্য পানিতে পড়া থেকে রক্ষা পায়।
পূর্ণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমি কারো সহযোগিতা ছাড়া একা পার হতে পারি না। আজ আমার সঙ্গে কেউ আসেনি। তাই সাঁকো পার হতে অনেক কষ্ট হয়েছে।”
৮ম শ্রেণির ছাত্রী শারমিন বলে, “বর্ষার সময় বেশি ভয় লাগে। সাকোঁ পার হওয়ার সময় মনে হয় পানিতে পড়ে গেলাম। আমাদের স্কুলের অনেক ছাত্রীই সাকোঁ পার হওয়ার ভয়ে নিয়মিত স্কুলে আসে না।”
নবম শ্রেণির ছাত্রী পুস্প, রুশনা, কামনাদের দাবি দ্রুত বিদ্যালয় সংলগ্ন বারাশিয়া নদীতে সাকোঁটির স্থলে সেতু করা হোক।
উপজেলা সদরের সামনে অবস্থিত এ বালিকা বিদ্যালয়টি ১৯৮৫ সালে স্থাপিত হয়। ৩য় থেকে দশম শ্রেণি পর্যন্ত রয়েছে এ বিদ্যালয়ে। বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা ৩২৫, যার এক তৃতীয়াংশ আসে নদীর ওপাড় থেকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যালয় ছুটির পর আমি টেনশনে থাকি কখন কোন দুঃসংবাদ আসে।”
বিদ্যালয়ের এক তৃতীয়াংশ নদী পার হয়ে আসতে হয় বলে জরুরি ভিত্তিতে এখানে সেতু হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বুড়াইচ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকিবুল হাসান পটু মিয়া বলেন, ব্রিজ না হলে ওইসব গ্রামের মেয়েরা শিক্ষা থেকে পিছিয়ে পড়বে।
