কান্দাপাড়ার যৌনকর্মীরা প্রশাসনের আশ্রয়ে
টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লীর ফিরে আসা কয়েকজন সদস্য প্রশাসনের সহায়তায় আশ্রয় পেয়েছেন একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে।
শুক্রবার সকালে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর তারা শহরের পশ্চিম আকুরটাকুরে অবস্থিত ‘এসএসএস’ এর ট্রেনিং সেন্টারে চলে যান। সেখানে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা প্রশাসন থেকে করা হবে।
এ সময় জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, তারা যেভাবে থাকতে চায় সে ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
তারা জানান, আগামী ১৫ দিনের মধ্যে যৌনপল্লীতে যেসব যৌনকর্মীর নিজস্ব জমি রয়েছে সেগুলো তাদের বুঝিয়ে দেয়া হবে। এ সময় পর্যন্ত পুরো যৌনপল্লী থাকবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে। সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর যৌনপল্লীতে যান। এ সময় যৌনকর্মীরা জেলা প্রশাসকের পা জড়িয়ে ধরে কান্নায ভেঙ্গে পড়েন। তারা তাদের পুরনো আবাসস্থল ফিরিযে দেয়ার দাবি জানান।
এ সময় যৌনকর্মীরা শ্লোগান দেন: “উচ্ছেদ চাই না, পুনর্বাসন চাই না, আমাদের অধিকার ফিরে চাই, আমাদের জায়গায় আমরা থাকতে চাই।”
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌনকর্মী ও তাদের সংগঠন নারী মুক্তি সংঘের সভানেত্রী আকলিমা বেগম আঁখিসহ নেতৃবৃন্দের সঙ্গে কয়েকদফা কথা বলেন।
পরে সেখান থেকে ১৬ জন যৌনকর্মী সরকারি ব্যবস্থাপনায় থাকা ও খাবারের নিশ্চয়তায় এসএসএস এর ট্রেনিং সেন্টারে চলে যান।
অন্যরাও তাদের নিজস্ব আবাসস্থলে চলে গেলে পুরো যৌনপল্লী শূন্য হয়ে যায়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এস এম মহিউদ্দিন খাঁ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ছরোয়ার হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, টাঙ্গাইল সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার ফাল্লুনী নন্দী, ওসি মো. আক্তারুজ্জামান, মানবাধিকার সংগঠন মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম শেলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কান্দাপাড়া যৌনপল্লীকে ঘিরে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আন্দোলনের মুখে গত ১২ জুলাই পল্লীর সাড়ে ৮শ’ যৌনকর্মী তাদের আবাসন ছেড়ে চলে যান। এরপর যৌনপল্লীর ঘরবাড়ি ভাঙ্গার কাজ শুরু করে দেয় ৫৬ জন বাড়ির মালিক।
এর প্রায় দুমাস পর গত বুধবার যৌনকর্মীরা কান্দাপাড়া ফিরতে শুরু করেন। বৃহস্পতিবার সকালে তারা টিন ও বাঁশ দিয়ে ঘর তৈরি শুরু করলে সক্রিয় হয়ে ওঠে টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি।
যৌনকর্মীরা ফিরে আসার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে সমাবেশ করেছে ‘জেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’।
সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে যৌনপল্লী অভিমুখে যাওয়ার সময় শহরের প্রধান সড়কে সিটি ব্যাংকের সামনে বাধা দেয় পুলিশ। পরে নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেন।
বিকেল ৪টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লাল হোসেনের নেতৃত্বে প্রশাসনের একটি দল এ বিষয়ে রোববার বৈঠকের আশ্বাস দিলে তারা অবস্থান তুলে নেন।
