২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ কে খন্দকারকে জিজ্ঞাসাবাদের দাবি হানিফের

সংসদে এ কে খন্দকারের বইয়ের তীব্র সমালোচনার পর এবার তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হনিফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

মুক্তিবাহিনীর উপঅধিনায়ক খন্দকারের সদ্য প্রকাশিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ গ্রন্থে দাবি করা হয়, ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের শেষ শব্দ ছিল ‘জয় পাকিস্তান’।

প্রথমা থেকে প্রকাশিত এ বইটির প্রকাশনা উৎসব হয় বুধবার। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ছিল বলে না বলেও তিনি এ বইয়ে লিখেছেন। 

বইয়ের বক্তব্য নিয়ে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্যরা তীব্র সমালোচনা করেন। এতে খন্দকারের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তোলা হয়, কারো প্ররোচনায় এ তথ্য বিকৃতি করেছেন বলেও দাবি করেন সাংসদরা।   

শুক্রবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে হানিফ সাংবাদিকদের বলেন, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের শেষ শব্দ ছিল ‘জয় বাংলা’। স্বাধীনতার ৪৩ বছর পর উনি এ কথাটা কোথায় পেলেন বোধগম্য নয়। ওই জনসভায় সাত লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিল। তাদের কেউ এই শব্দ শোনেনি।

“একজন সামরিক কর্মকর্তা হিসেবে তিনি ক্যান্টনমেন্টে বসে কীভাবে এটি আবিষ্কার করলেন অবাক ব্যাপার। এ ধরনের বক্তব্য লেখার মধ্যে দিয়ে তিনি কেন, কার উদ্দেশ্যে, কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে, কার প্ররোচনায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হচ্ছে সেটা দেখার বিষয়।

“আমি মনে কারি কাল (বৃহস্পতিবার) জাতীয় সংসদে যে বক্তব্যগুলো উত্থাপন করা হয়েছিল, এটা যথার্থ ছিল। তার বিরুদ্ধে মামলা করা হবে কি হবে না সেটা বিবেচ্য বিষয় নয়। এই বৃদ্ধ বয়সের শেষে তিনি কেন, কোন প্ররোচনায় বা কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতার তথ্য বিকৃত করেছেন তা জানার জন্য আমি মনে করি তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”

হানিফ বলেন, সম্প্রতি আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি একটি ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন বাংলাদেশ-ভারতসহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে ঘাঁটি গাড়তে চাইছে আল-কায়েদা।

এই ঘোষণার সঙ্গে বিএনপি ও জামায়াতের সম্পৃক্ততা আছে উল্লেখ করে তিনি বলেন, এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয় যে তারা দীর্ঘদিন ধরেই এই চেষ্টা করে আসছিল।

২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ জঙ্গিদের চারণ ভূমিতে পরিণত হয়েছিল। বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানো হয়েছিল।

হানিফ বলেন, গত পাঁচ বছরে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে যখন জঙ্গি নির্মূলের অভিযান চলছে ঠিক সেই সময় বিএনপি এবং জামায়াত আবার নতুন করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য আন্দোলনের হুমকি দিচ্ছে।

আর তারা যখন সরকার পতনের জন্য আন্দোলনের হুমকি দিচ্ছে সেই সময় আল কায়দা প্রধান জাওয়াহিরি নতুন করে তাদের ঘাঁটি স্থাপনের ঘোষণা দিয়েছেন। এই দুটোর মধ্যে যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার দরকার।

“আমার বিশ্বাস যে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে জঙ্গিদের সঙ্গে যে সম্পর্ক গড়েছিল সেই সম্পর্কের ধারাবাহিকতা হিসেবেই আল কায়দার এই ঘোষণা।”

তিনি আরো বলেন, বাংলাদেশের জঙ্গি সংগঠনের পিছনে আর্থিক সহযোগিতা প্রদান করার ক্ষেত্রে আইএসআই যে চক্রান্ত করে যাচ্ছে সেটার রুট হিসেবে ভারতের দুয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ককে ব্যবহার করছে।

এ সময় শহর আওয়ামী লীগ সভাপতি তাইজাল আলী খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান বীরোত্তম এ কে খন্দকার আওয়ামী লীগের এর আগের সরকারে পরিকল্পনা মন্ত্রী ছিলেন। সংসদে সমালোচনাকালে তাকে অকৃতজ্ঞও বলা হয়।