পদ্মা সেতুর সয়েল টেস্ট শিগগিরই: ওবায়দুল কাদের
শিগগিরই পদ্মা সেতুর সয়েল টেস্টের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের আরো বলেন, “ইতিমধ্যে চায়না থেকে সেতু নির্মাণের যন্ত্রপাতির প্রথম শিপমেন্ট চট্টগ্রামে পৌঁছেছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যন্ত্রপাতির দ্বিতীয় শিপমেন্ট এসে পৌঁছবে।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর দুটি প্রধান বিষয় হচ্ছে- মূল সেতু ও নদী শাসন। ইতিমধ্যে সেতুর কাজ শুরু হয়ে গেছে।
নদী শাসনের জন্য সিনো হাইড্রো করপোরেশন ও হুন্দাই কোম্পানিকে যাচাই বাছাইয়ের পর মনোনীত করে সুপারিশ করা হয়েছে।
সিনো হাইড্রো নদী শাসন কাজের জন্য ৮,৭০৭ কোটি ৮১ লাখ টাকার প্রস্তাব করেছে, যা সরকারের বাজেট থেকে শতকরা ১০ ভাগ কম। অপরদিকে হুন্দাই কোম্পানি ১২,১২২ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাব দিয়েছে, সরকারি বাজেট থেকে যা প্রায় ২০ ভাগ কম।
দুটি প্রস্তাবই আগামী দুই দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ক্রয় কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাইয়ের পর প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন যারা পাবে তাদের সঙ্গে চুক্তি হওয়ার পরই নদী শাসনের কাজ শুরু হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, নদী শাসনে নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম, মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী নুরুল হক, পদ্মা সেতু কাজের তত্ত্বাবধানে থাকা সেনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পরে মন্ত্রী ধসে পড়া টঙ্গীবাড়ি বেইলি ব্রিজের সংস্কার কাজ পরিদর্শন করেন।
