অপহরণ ও হত্যার অভিযোগে সহযোগীসহ চাচা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে চার বছরের এক শিশুকে মুক্তিপণের জন্য অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগে সহযোগীসহ চাচাকে গ্রেপ্তার করেছে র্যাব।
নিহত কবিতা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছি মহল্লার কালীগঞ্জ-ফুলবাগান এলাকার কোরবান আলীর মেয়ে। গত ৩০ অগাস্ট তাকে অপহরণ করা হয়েছিল।
গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের পোল্লাডাঙ্গা হাইস্কুলের কাছে একটি মিলের পেছনে পুঁতে রাখা কবিতার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব।
গ্রেপ্তাররা হলেন- আজাইপুর আবুরাজপাড়া এলাকার এমরান আলীর ছেলে শিহাব রেজা (২৪) ও তার বন্ধু শংকরবাটি এলাকার আবদুল মালেকের ছেলে সাগর আহম্মেদ (২৪)।
এদের মধ্যে শিহাব কবিতার বাবা কোরবান আলীর খালাতো ভাই। কোরবানের বাড়িতেই তিনি থাকতেন।
উদ্ধারের পর বৃহস্পতিবার রাতেই চাপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করে র্যাব।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুব গ্রেপ্তারদের উদ্ধৃত করে জানান, গত ৩০ অগাস্ট সকাল ১১টার দিকে কবিতাকে অপহরণ করে শিহাব ও সাগর। অপহরণের পরপর চিৎকার করলে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি পোলাডাঙ্গা আবুরাজ পাড়া এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখে তারা।
পরে দুর্গন্ধ ছড়াতে থাকলে দুই দিন পর একই এলাকায় পোল্লাডাঙ্গা হাইস্কুলের কাছে একটি মিলের পেছনে নিয়ে শিশুটির লাশ মাটির নিচে পুঁতে রাখে।
এরপর কবিতার বাবাকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শিহার ও সাগর।
মুক্তিপণের পাঁচ লাখের মধ্যে ২৫ হাজার টাকা বিকাশের মাধ্যেমে দেয়া হলে কবিতাকে শহরের মহানন্দা ব্রিজের একপাশ থেকে দেখানো হবে এবং বাকি টাকা দিলে তাকে ফেরত দেয়া হবে বলে কোরবান আলীকে জানায় তারা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোবাইল ট্র্যাকিং করে কবিতাদের বাড়ি থেকেই শিহাবকে এবং পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সাগরকে গ্রেপ্তার করা হয়। এরপর দুজনের দেয়া তথ্যে কবিতার গলিত লাশ উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
