২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যার চেষ্টা ধর্ষিত শিশুর, ধর্ষক গ্রেপ্তার

গাজীপুর শহরে ধর্ষিত এক শিশু গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টার পর ধর্ষক গৃহকর্তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 11:51 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

গ্রেপ্তার মনির হোসেন সিটি কর্পোরেশনের ইটাহাটা (কলাবাগান) এলাকার মুদি দোকানি। তিনি স্থানীয় হাজী মো. মকবুল মুন্সীর ছেলে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. একরামুল হক জানান, বুধবার রাতে ইটাহাটা এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়।

একরামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনির বিয়ের প্রলোভন দেখিয়ে এক শিশু গৃহকর্মীর (১১) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর একাধিকবার তাকে ধর্ষণ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় মনিরকে তাদের বিয়ের বিষয়টি চূড়ান্ত করার কথা বললে মনির তার সঙ্গে বিয়ে করার কথা অস্বীকার করে এবং নানা ধরণের কটূক্তি করে।

মঙ্গলবার রাত ৯টার দিকে শিশুটি মনিরের বসত ঘরের পাশেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে মনিরের বড় ভাই বাদল তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে, পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।

“কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার রাতে বাদল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যান,” বলেন পুলিশ কর্মকর্তা একরাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক চিকিৎসকের বরাত দিয়ে জানান, ওই শিশুর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

শিশুটির বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার পাইকপাড়া এলাকায়। শৈশবে তার মার মৃত্যু হলে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। পরে তার বড় বোন গাজীপুরে ইটাহাটা এলাকায় এক বাড়িতে গৃহকর্মীর কাজে দিয়ে চলে যায়।